
রাজনৈতিক দলগুলোর মধ্যকার ঐক্য আরও দৃশ্যমান করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। চারটি প্রধান রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে দলগুলোর শীর্ষ পর্যায়ের প্রতিনিধিদের তিনি এ আহ্বান জানান।
মঙ্গলবার (২২ জুলাই) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল এসব কথা জানান।
আইন উপদেষ্টা বলেন, ‘আজকের আলোচনা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছে। যতগুলো দল কথা বলেছে, প্রত্যেকেই বলেছেন— ফ্যাসিবাদবিরোধী ঐক্যের প্রশ্নে তাদের মধ্যে কোনও মতভিন্নতা নেই, কোনও বিরোধ নেই। কিন্তু তাদের মধ্যে কেউ কেউ বলেছেন—রাজনৈতিক মাঠে আমরা রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবে, আমরা একজন আরেকজনের বিরুদ্ধে মাঝেমধ্যে কথা বলতে পারি। তার মানে এটা না, তারা আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ। তারা আমাদের রাজনৈতিক সহযোগী, রাজনীতির মাঠে এই ধরনের কিছু কিছু কথা বলা হবে। এটা থেকে কোনোভাবেই আমাদের ধারণা করা উচিত না যে, ফ্যাসিবাদ-বিরোধী ঐক্য কোনও ফাটল আছে। এমন ধারণা আমাদের করা উচিত না। এটা উনারা আমাদের জানিয়েছেন।’
তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আমাদের দুটি বিষয় হাইলাইট করা হয়েছে। একটি হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার ক্ষেত্রে আমরা যেন আরও শক্ত অবস্থান নেই। আমাদের কিছুটা ঘাটতি সম্পর্কে ওনারা বলেছেন। আর বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচন প্রক্রিয়ার দিকে আমাদের সুষ্ঠুভাবে অগ্রসর হওয়া উচিত। প্রধান উপদেষ্টা বলেছেন—আপনাদের মধ্যে ঐক্য আছে, এটা আরেকটু দৃশ্যমান হলে ভালো হয়।’
প্রধান উপদেষ্টার বরাত দিয়ে আসিফ নজরুল আরও বলেন, ‘আপনারা ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে হোক বা গঠনমুলক কোন কর্মসূচি হোক আপনারা যদি একসঙ্গে থাকেন, এটা যদি মানুষ দেখে মানুষের মধ্যে স্বস্তির ভাব আসবে, মানুষ অনেক খুশি হবে দেখলে। মানুষ আপনাদের একসঙ্গে দেখতে চায়।’
উপদেষ্টা বলেন, ‘উনারা বলেছেন, উনাদের মধ্যে ঐক্য হচ্ছে যে উনারা মাঠে যাই বলুন না কেন যখনই প্রধান উপদেষ্টা ডাকেন তখনই উনারা এসে হাজির হন। ঐক্যের আরেকটা প্রমাণ দিয়ে বলেছেন, তারা তো প্রতিদিন ঐকমত্য কমিশনের মিটিংয়ে যাচ্ছেন। উনারা চারটি বড় দল মূলত যে বার্তা আমাদের দিয়েছেন তা হচ্ছে, ফ্যাসিবাদ-বিরোধী একতা, কোনোরকম হতাশা, টেনশন থাকার প্রয়োজন নেই। উনারা আইডেন্টিফাই করেছেন যে, দেশের বিভিন্ন স্থানে যে নিষিদ্ধ দল আছে, ফ্যাসিস্টদের সহযোগী আছে, তারা মাঝে মাঝে মাথা চাড়া দেয়। সেক্ষেত্রে আমাদের বলেছেন, প্রশাসনিকভাবে কঠোর ব্যবস্থা নিতে। আমরা বলেছি, মাঠে ঐক্যটা আরও বেশি দৃশ্যমান করবেন।’




































