জুলাই গণঅভ্যুত্থানের সময় গুলিবর্ষণ নিয়ে আলোচিত ডিএমপির ওয়ারী বিভাগের সাবেক উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ ইকবাল হোসাইনকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।
বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে স্বাক্ষর করেন সিনিয়র সচিব নাসিমুল গনি।
প্রজ্ঞাপনে বলা হয়, বর্তমানে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত মোহাম্মদ ইকবাল হোসাইন কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে গত বছরের ২৮ আগস্ট থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী এ ধরনের অনুপস্থিতি পলায়নের শামিল এবং তা শাস্তিযোগ্য অপরাধ। ফলে ওই দিন থেকেই তাকে সাময়িক বরখাস্ত করা হলো। বরখাস্তকালীন তিনি খোরপোষ ভাতা পাবেন।
এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিবর্ষণের বিষয়ে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। ওই ভিডিওতে দেখা যায়, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মোহাম্মদ ইকবাল হোসাইন বলছেন— “গুলি করে করে লাশ নামানো লাগছে স্যার। গুলি করি, মরে একটা, আহত হয় একটা। একটাই যায় স্যার, বাকিডি যায় না। এইটা হলো স্যার সবচেয়ে বড় আতঙ্কের এবং দুশ্চিন্তার বিষয়।”
ওই বক্তব্য ঘিরে সামাজিক ও রাজনৈতিক মহলে ব্যাপক সমালোচনা হয়।




































