মঙ্গলবার । মার্চ ২৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ২৪ জুলাই ২০২৫, ৩:৪৮ অপরাহ্ন
শেয়ার

রাশিয়ার নিখোঁজ যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, সবাই নিহত


রাশিয়ার নিখোঁজ যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, সবাই নিহত

রাশিয়ায় পূর্বাঞ্চলে বৃহস্পতিবার (২৪ জুলাই) অন্তত ৫০ জন আরোহী নিয়ে হারিয়ে যাওয়া যাত্রিবাহী বিমানটি বিধ্বস্ত হয়েছে। চীন সীমান্তবর্তী রাশিয়ার আমুর অঞ্চলে উড়োজাহাজটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে। বলা হচ্ছে, ওই বিমানে থাকা সব আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটির মূল অংশে আগুন লাগে। আর ধ্বংসাবশেষটি আমুর অঞ্চলে পাওয়া গেছে।

প্রাথমিক তথ্য অনুসারে, বিমানটিতে পাঁচ শিশুসহ ৪৩ জন যাত্রী এবং ছয়জন ক্রু সদস্য ছিলেন। দুর্ঘটনায় তাদের সবার মৃত্যু হয়েছে। যদিও জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় উড়োজাহাজটিতে ৪০ জনের মতো আরোহী থাকার কথা বলেছে।

এরআগে সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক পোস্টে আঞ্চলিক গভর্নর ভাসিলি অরলভ লেখেন, আন্তোনভ-২৪ বিমানটি ব্লাগোভেশচেনস্ক শহর থেকে চীন সীমান্তবর্তী আমুর অঞ্চলের টিন্ডা শহরের দিকে যাওয়ার সময় রাডার থেকে ‘অদৃশ্য’ হয়ে যায়।