মঙ্গলবার । মার্চ ২৪, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ২৫ জুলাই ২০২৫, ১০:১১ পূর্বাহ্ন
শেয়ার

গাজায় ইসরায়েলি হামলায় আরো ৮৯ ফিলিস্তিনি নিহত


gaza

ছবি: বার্তা সংস্থা আনাদোলু

গাজায় ইসরাইলি বাহিনীর অব্যাহত হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৮৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৪৫৩ জন। এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলের সামরিক অভিযানে নিহতের সংখ্যা ৫৯ হাজার ৫৮৬ জনে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুর্কি বার্তাসংস্থা আনাদোলু।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৮৯টি মরদেহ হাসপাতালে আনা হয়েছে। অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন বা রাস্তায় পড়ে আছেন, যাদের কাছে উদ্ধারকর্মীরা পৌঁছাতেই পারছেন না।

এদিকে গত ২৪ ঘণ্টার মধ্যে ২৭৯ জনের পরিচয় শনাক্ত করে তাদের নাম সরকারি তালিকায় যুক্ত করায় মৃত্যুর সংখ্যা হঠাৎ করে অনেক বেড়েছে। একই সময়ে ত্রাণ আনতে গিয়ে ইসরাইলি হামলায় আরো ৬২ জন ফিলিস্তিনি নিহত এবং ১৯ জনের বেশি আহত হয়েছেন।

গত ২৭ মে থেকে এ পর্যন্ত শুধুমাত্র ত্রাণ সংগ্রহ করতে গিয়েই ১ হাজার ৮৩ জন নিহত এবং ৭ হাজার ২৭৫ জনের বেশি আহত হয়েছেন বলে জানিয়েছে মন্ত্রণালয়।

চলতি বছরের ১৯ জানুয়ারি কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেঙে গত ১৮ মার্চ থেকে আবারো পূর্ণমাত্রায় হামলা শুরু করে ইসরাইলি সেনাবাহিনী। এতে করে জানুয়ারিতে হওয়া যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি ভেঙে যায়। এরপর থেকে আরও ৮ হাজার ৪৪৭ জন নিহত এবং ৩১ হাজার ৪৫৭ জন আহত হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরাইলের হামলা শুরু হওয়ার পর থেকে কমপক্ষে ১১৫ জন ফিলিস্তিনি অনাহারে মারা গেছেন।