
কিছুদিনের মধ্যেই ভারতের বিহার রাজ্যে ভোট। রাজ্যের ভোটকে সামনে রেখে ভারতের নির্বাচন কমিশনের একটি পদক্ষেপে উত্তপ্ত হয়ে উঠেছে সেখানকার রাজনীতি। যার আঁচ দিল্লি পর্যন্ত পৌঁছেছে।
নির্বাচনে আগে বিহারের ভোটার তালিকা সংশোধনের পদক্ষেপ নিয়েছে দেশটির নির্বাচন কমিশন। এই পদক্ষেপের ফলে ইতিমধ্যেই সেখানকার ৫৮ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে। আরও ভোটারের নাম বাদ পড়ার আশঙ্কা করছেন বিরোধীরা। এদিকে শোনা যাচ্ছে, বিহারের পরই পশ্চিমবঙ্গেও অগস্ট মাস থেকে নিবিড় ভোটার তালিকা সংশোধনী শুরু হতে পারে।
নির্বাচন কমিশনের এমন উদ্যোগে ফুঁসে উঠেছে দেশটির বিরোধী পক্ষ। দিল্লিতে বর্তমানে চলছে কেন্দ্রিয় সংসদ অধিবেশন। সেখানে এই পদক্ষেপের বিরুদ্ধে উত্তাল সংসদ। সংসদের বাইরেও বিক্ষোভ করছেন তারা। বিরোধীরা বলছেন, কোনোভাবেই তারা এমন উদ্দেশ্যমূলক উদ্যোগ বাস্তবায়িত হতে দেবেন না। এমনকি বিহারের অন্যতম শীর্ষ রাজনৈতিক দল আরজেডি’র শীর্ষ নেতা তেজস্বী যাদব বলেছেন, প্রয়োজনে ভোট বয়কট করবেন তারা।

প্রফেসর মনোজ কুমার ঝা এক টিভি সাক্ষাতকারে বাংলাদেশের নির্বাচন কমিশনের উদহারন টানেন
এদিকে আরজেডি’র আরেক সিনিয়র নেতা ও সাংসদ প্রফেসর মনোজ কুমার ঝা এই প্রসঙ্গে বাংলাদেশকে টেনে আনেন। তিনি শেখ হাসিনার সময়কার বাংলাদেশের নির্বাচন কমিশনের প্রতি ইঙ্গিত করে বলেছেন, ভারতের নির্বাচন কমিশনের আদর্শ বাংলাদশের নির্বাচন কমিশন হলে চলবে না। তাদের রাজনৈতিক হস্তক্ষেপের উর্ধ্বে উঠে কাজ করতে হবে।




































