বুধবার । মার্চ ২৫, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৭ সেপ্টেম্বর ২০২৫, ৫:২০ অপরাহ্ন
শেয়ার

কিছু শক্তি পেছাতে চাইলেও নির্ধারিত সময়েই নির্বাচন হবে: প্রধান উপদেষ্টা


EU

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, কিছু শক্তি নির্বাচন পেছাতে চাইলেও নির্ধারিত সময়েই নির্বাচন হবে। আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও উৎসবমুখর জাতীয় নির্বাচন।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউরোপীয় পার্লামেন্টের সদস্যদের (এমপি) একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মুনির সাতৌরি।

বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, আমরা ইতোমধ্যে নির্বাচনের সময়সূচি ঘোষণা করেছি। নির্বাচন হবে ফেব্রুয়ারির শুরুর দিকে, রমজানের আগে। এসময় তিনি আরও জানান, দীর্ঘদিন পর বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন শুরু হওয়ায় তরুণ সমাজে ভোট নিয়ে উৎসাহ বেড়েছে।

তিনি বলেন, জাতীয় নির্বাচন হবে শান্তিপূর্ণ, পরিচ্ছন্ন ও উৎসবমুখর। যদিও কিছু শক্তি নির্বাচন পেছাতে চায়, তবে অন্তর্বর্তী সরকার নির্ধারিত সময়েই নির্বাচন আয়োজন করবে। তিনি আশা প্রকাশ করেন, তরুণ ভোটাররা এবার ব্যাপকভাবে ভোট দেবেন, যাদের অনেকে ১৫ বছর পর প্রথমবারের মতো ভোট দিচ্ছেন।

ঘণ্টাব্যাপী বৈঠকে নির্বাচন, সরকারের সংস্কার উদ্যোগ, বাংলাদেশ-ইইউ সম্পর্ক, উন্নয়ন সহযোগিতা এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়। বৈঠকে ইউরোপীয় সংসদের সদস্যরা আগামী নির্বাচনকে বাংলাদেশের জন্য এক গুরুত্বপূর্ণ মোড় ঘোরানো মুহূর্ত বলে উল্লেখ করেন।

প্রধান উপদেষ্টা ইউনূস ইউরোপীয় ইউনিয়নের সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান এবং রোহিঙ্গা শরণার্থীদের জন্য বাড়তি অর্থায়নের আহ্বান জানান। বিশেষ করে তিনি সম্প্রতি বন্ধ হয়ে যাওয়া ক্যাম্পের স্কুলগুলো পুনরায় চালুর জন্য সহযোগিতা চান তিনি।

প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকি বৈঠকে শ্রম সংস্কার বিষয়ে সরকারের উদ্যোগ তুলে ধরেন। তিনি বলেন, এসব পদক্ষেপ বাংলাদেশ-ইইউ সম্পর্ক আরও জোরদার করবে। এ সময় এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মুরশেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।