
ফাইল ছবি
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আগামী ২২ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন। সেখানে তার সঙ্গে বৈঠক করার কথা রয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের।
বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
তিনি জানান, প্রধান উপদেষ্টা ২২ সেপ্টেম্বর একটি বাণিজ্যিক ফ্লাইটে নিউইয়র্কে পৌঁছাবেন। আগামী ২৬ সেপ্টেম্বর তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ আলোচনায় বক্তব্য রাখবেন। এ সময় তিনি জুলাই মাসের গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার আশা-আকাঙ্ক্ষার প্রেক্ষিতে গত এক বছরে দেশের সংস্কার কার্যক্রম এবং আসন্ন নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার প্রত্যয় বিশ্ববাসীর সামনে তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে।
নিউইয়র্ক সফরকালে প্রধান উপদেষ্টা জাতিসংঘ মহাসচিব ও তার মিয়ানমারবিষয়ক দূত ছাড়াও ফিনল্যান্ডের প্রেসিডেন্ট, নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীসহ আরও কয়েকজন রাষ্ট্রনেতার সঙ্গে বৈঠক করবেন।







































