বুধবার । মার্চ ২৫, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৮ সেপ্টেম্বর ২০২৫, ৮:৫১ অপরাহ্ন
শেয়ার

অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীদের পেনশন সুবিধা বাড়ছে


Bangladesh-Governmentঅবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের পেনশন-সংক্রান্ত জটিলতা নিরসন ও কল্যাণমূলক সেবা বাড়াতে একগুচ্ছ প্রস্তাব গ্রহণ করেছে সরকার। সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগের উদ্যোগে আয়োজিত এক বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ।

বৈঠকে জানানো হয়, শতভাগ পেনশন সমর্পণকারী অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য পেনশন পুনঃস্থাপনের সময়সীমা ১৫ বছর থেকে কমিয়ে ১০ বছরে আনার প্রস্তাব করা হয়েছে। এছাড়া, পুনঃস্থাপনের আগে কেউ মারা গেলে তার স্বামী/স্ত্রী বা যোগ্য উত্তরাধিকারীদের পেনশন সুবিধা দেওয়ার বিষয়টি পর্যালোচনার নির্দেশ দেওয়া হয়েছে।

নতুন প্রস্তাবমালা অনুযায়ী—

✅ পেনশন পুনঃস্থাপন সময় ১৫ বছর থেকে কমিয়ে ১০ বছর করার সুপারিশ করা হয়েছে।

✅ পেনশনভোগীর মৃত্যুর পর দ্বিতীয় বিয়ে করলে—দ্বিতীয় স্ত্রী বা স্বামীকেও নিয়ম অনুযায়ী পারিবারিক পেনশন প্রদানের প্রস্তাব করা হবে।

✅ অবসরপ্রাপ্ত পেনশনভোগী জটিল রোগে আক্রান্ত হলে সরকারি কর্মচারী কল্যাণ বোর্ড থেকে চিকিৎসা সহায়তা দেওয়া হবে।

✅ প্রবাসে কর্মরত কর্মকর্তা/কর্মচারীদের পেনশন সংক্রান্ত কাগজপত্র ও আনুষ্ঠানিকতার বিষয়গুলো মন্ত্রণালয়গুলোর সঙ্গে পর্যালোচনা করা হবে।

✅ শতভাগ পেনশন সমর্পণকারীদের উৎসব ভাতা বৃদ্ধি ও পুনঃস্থাপন হলে ভাতাসংক্রান্ত পূর্ণ সুবিধা যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

✅ অবসর-পরবর্তী সময়ে এককালীন পুরো পেনশন উত্তোলনকারীদের জন্য পুনরায় মাসিক পেনশন চালুর বিষয়টি পুনর্বিবেচনা করা হচ্ছে।

✅ সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচি-সংক্রান্ত কমিটিতে জনপ্রশাসন সচিবকে সদস্য করার বিষয়টি পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে।

✅ সর্বজনীন পেনশন স্কিম নিয়ে ব্যাপক প্রচারের নির্দেশনা দেওয়া হয়েছে।

এ ছাড়া বৈঠকে অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব আ ক ম সাইফুল ইসলাম চৌধুরী পেনশনভোগীদের বিভিন্ন সমস্যার চিত্র তুলে ধরেন।

মন্ত্রিপরিষদ বিভাগের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা জানান, এর আগে সময় সময় পেনশন-সংক্রান্ত নির্দেশনা জারি করা হলেও বর্তমান প্রস্তাবগুলো বাস্তবায়ন হলে পেনশনারদের জীবনযাত্রা আরও সুরক্ষিত হবে।

অর্থ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, পেনশন অ্যান্ড ফান্ড ম্যানেজমেন্টের চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার এবং বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির প্রশাসককে সভার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

অর্থ বিভাগের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “পেনশন-সংক্রান্ত জটিলতা নিরসনে মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত আমরা পেয়েছি। এসব বাস্তবায়নে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে।”