বুধবার । মার্চ ২৫, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৮ অপরাহ্ন
শেয়ার

গণ-অভ্যুত্থানের পরও দলীয়করণ রয়ে গেছে: ড. ইফতেখারুজ্জামান


Dr-Iftekharuzaman
গণ-অভ্যুত্থানের পরও দেশের রাজনৈতিক সংস্কৃতিতে দলীয়করণ রয়ে গেছে, শুধু এর রূপ বদলেছে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর ধানমণ্ডিতে টিআইবি কার্যালয়ে নির্বাচন বিষয়ক সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “গণ-অভ্যুত্থানের পর রাজনৈতিক দল ও আমলাতন্ত্র বৈষম্যবিরোধী চেতনা বাস্তবায়নে সফল হয়েছে- এমন উদাহরণ খুবই বিরল। দলীয়করণ এখনো বহাল আছে, শুধু রূপ বদলেছে।”

তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের ভূমিকা গুরুত্বপূর্ণ হলেও পুরো প্রক্রিয়ায় রাজনৈতিক দল, আমলাতন্ত্র ও আইন প্রয়োগকারী সংস্থা- এই তিন শক্তিই মুখ্য ভূমিকা পালন করে। তাদের টানাপড়েনের মধ্য দিয়েই নির্বাচনী প্রক্রিয়া পরিচালিত হয়।

ড. ইফতেখারুজ্জামান মনে করেন, গত ৫৪ বছর ধরে দলীয়করণের প্রভাব দেশের নানা সমস্যার মূল কারণ। তাই এসব দুর্বলতাকে মাথায় রেখে নির্বাচন প্রক্রিয়া চালাতে হবে। একই সঙ্গে কোথায় কোথায় বিচ্যুতি ঘটছে, তা চিহ্নিত করাও জরুরি।

তিনি জানান, এসব বিবেচনায় সংস্কার কমিশনের কাছে একাধিক প্রস্তাব দেওয়া হয়েছে। তবে সব সীমাবদ্ধতা সত্ত্বেও নির্বাচন কমিশন চাইলে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সম্ভব।