বুধবার । মার্চ ২৫, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৫:১৯ অপরাহ্ন
শেয়ার

‘সংসদের নিম্নকক্ষে আসনভিত্তিক, উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন প্রয়োজন’


bodiul-alam

নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ও জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার

নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ও জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার বলেছেন, সংসদের (প্রস্তাবিত) নিম্নকক্ষে আসনভিত্তিক এবং উচ্চকক্ষে পিআর (সংখ্যানুপাতিক) পদ্ধতিতে নির্বাচন হওয়া প্রয়োজন।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) মেহেরপুরের গাংনী উপজেলা সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “নির্বাচনের কোনো বিকল্প নেই। নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। একটি জনপ্রতিনিধিত্বশীল সরকার ছাড়া কোনো দেশ জাতীয় ও আন্তর্জাতিকভাবে কার্যকর ভূমিকা রাখতে পারে না।”

ড. বদিউল আলম আরও বলেন, একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হতে হবে। তার মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণের পথ সুগম হবে। পিআর ও আসনভিত্তিক উভয় পদ্ধতির কিছু সীমাবদ্ধতা থাকলেও দুটোই কার্যকর। তাই নিম্নকক্ষ হবে আসনভিত্তিক এবং উচ্চকক্ষ হবে পিআর পদ্ধতিতে নির্বাচন—এমন সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে।

তিনি আশা প্রকাশ করে বলেন, “আমরা আশাবাদী, তরী ভিড়বে। সবার অংশগ্রহণে নিরপেক্ষ, স্বচ্ছ ও শান্তিপূর্ণ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনের মাধ্যমে একটি কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে।”

গাংনী উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে আয়োজিত এই মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন সুজনের গাংনী উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক। আরও বক্তব্য রাখেন সুজনের মেহেরপুর জেলা শাখার সভাপতি সৈয়দ জাকির হোসেন, গাংনী উপজেলা কমিটির সাধারণ সম্পাদক এএসএম সায়েম পল্টু, গাংনী টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ স্বপন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জুলফিকার আলী ভট্ট এবং বিএনপি নেতা আব্দাল হক।

এসময় দি হাঙ্গার প্রজেক্ট, সুজন, পিএফজি, নারী নেটওয়ার্ক এবং ইয়ুথ এন্ডিং হাঙ্গারের সদস্যরা উপস্থিত ছিলেন।