কিছুদিন আগেই পৃথিবী দেখেছে ‘ব্লাড মুন’। এর কদিন পরই ঘটতে যাচ্ছে আরেকটি মহাজাগতিক ঘটনা—সূর্যগ্রহণ। তবে এটি বাংলাদেশ থেকে দেখা যাবে না।
বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সূর্যগ্রহণটির সময়কাল হবে মোট ৪ ঘণ্টা ২৪ মিনিট। বাংলাদেশ সময় অনুযায়ী এটি শুরু হবে রবিবার (২১ সেপ্টেম্বর) রাত ১১টা ২৯ মিনিট ৪৮ সেকেন্ডে এবং সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১টা ৪১ মিনিট ৫৪ সেকেন্ডে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে। গ্রহণ শেষ হবে বিকেল ৩টা ৫৩ মিনিট ৩৬ সেকেন্ডে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এই সূর্যগ্রহণ নিউজিল্যান্ড, পূর্ব মেলানেশিয়া, দক্ষিণ পলিনেশিয়া ও পশ্চিম অ্যান্টার্কটিকার কিছু অঞ্চল থেকে দেখা যাবে।
স্থানীয় সময় অনুযায়ী যুক্তরাষ্ট্রের সামোয়া দ্বীপ থেকে বিকেল ৫টা ৫৩ মিনিট ১৭ সেকেন্ডে গ্রহণ শুরু হবে। অ্যান্টার্কটিকার ‘যুমন্ট ডিউরভিল’ আবহাওয়া কেন্দ্র থেকে রাত ১০টা ১৩ মিনিট ৩৯ সেকেন্ডে সর্বোচ্চ গ্রহণ পর্যবেক্ষণ করা যাবে। একই দিন অ্যান্টার্কটিকার আলেকজেন্ডার দ্বীপ থেকে বিকেল ৫টা ৪৮ মিনিট ৩৮ সেকেন্ডে গ্রহণ শেষ হবে।







































