
আগামী ১৫ অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় স্বাক্ষরিত হবে ঐতিহাসিক ‘জুলাই জাতীয় সনদ–২০২৫’। এই স্বাক্ষর অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এতে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা অংশ নেবেন।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে কমিশনের কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে বিশেষজ্ঞদের মতামত এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে অনুষ্ঠিত ৫টি বৈঠকের সুপারিশ বিশ্লেষণ করা হয়।
কমিশনের পক্ষ থেকে জানানো হয়, এসব মতামত বিশ্লেষণ করে খুব শিগগিরই বাস্তবায়নের সুপারিশসহ চূড়ান্তকৃত জুলাই সনদ সরকারের কাছে জমা দেওয়া হবে।
বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান ও ড. মো. আইয়ুব মিয়া। এছাড়া ঐকমত্য গঠন প্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বৈঠকে অংশ নেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জুলাই সনদ স্বাক্ষরের মাধ্যমে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন ঐকমত্যের ভিত্তি তৈরি হতে পারে, যা ভবিষ্যৎ রাজনৈতিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।






































