
তুরস্কের ইস্তাম্বুল বিমানবন্দরে শহিদুল আলম।
ইসরায়েল থেকে মুক্তি পাওয়া বাংলাদেশের প্রখ্যাত আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহিদুল আলম শনিবার (১১ অক্টোবর) ভোর ৫টার দিকে দেশে ফিরবেন। শুক্রবার (১০ অক্টোবর) প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।
শহিদুল আলম শুক্রবার তুরস্কের ইস্তানবুলে পৌঁছান। তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে পৌঁছানোর পর ইস্তানবুলে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান তাকে স্বাগত জানান।
এর আগে একই দিন দুপুরে ইসরায়েল থেকে তুরস্কের উদ্দেশে রওনা হন তিনি। ইসরায়েলি কর্তৃপক্ষের হাতে আটক থাকার পর মুক্তি পেয়ে তুরস্কে পৌঁছান শহিদুল আলম।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস শহিদুল আলমের মুক্তি ও দেশে ফেরার প্রক্রিয়ায় সহযোগিতার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান-এর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
উল্লেখ্য, সম্প্রতি গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরের ৪০টির বেশি ত্রাণবাহী জাহাজ ইসরায়েলি অবরোধ ভেঙে গাজায় প্রবেশের চেষ্টা করলে ইসরায়েলি সেনারা সেগুলো দখল করে নেয় এবং জাহাজে থাকা মানবাধিকারকর্মীদের আটক করে।
এরই অংশ হিসেবে ‘কনশানস’ নামের জাহাজে ছিলেন দৃক গ্যালারির ব্যবস্থাপনা পরিচালক ও আন্তর্জাতিকভাবে খ্যাত আলোকচিত্রী শহিদুল আলম, যিনি আন্তর্জাতিক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফছি) এবং থাউজেন্ড ম্যাডলিনস টু গাজা (টিএমটিজি) আয়োজিত অভিযানে অংশ নিয়েছিলেন।


































