সোমবার । জানুয়ারি ১৯, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১১ অক্টোবর ২০২৫, ১:৪৫ অপরাহ্ন
শেয়ার

বৃষ্টিভেজা পরিবেশে শহীদ মিনারে সৈয়দ মনজুরুল ইসলামকে শেষ শ্রদ্ধা


বৃষ্টির মাঝেই শহীদ মিনারে সৈয়দ মনজুরুল ইসলামের প্রতি শ্রদ্ধা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক, বিশিষ্ট কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক সৈয়দ মনজুরুল ইসলামের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্তরের মানুষ। শনিবার (১১ অক্টোবর) সকাল থেকে বৃষ্টিভেজা পরিবেশেও কেন্দ্রীয় শহীদ মিনারে উপচে পড়া জনসমাগমে তাকে স্মরণ করা হয় গভীর ভালোবাসা ও শ্রদ্ধায়।

জাতীয় কবিতা পরিষদের আয়োজনে সকাল ১১টায় শহীদ মিনারে আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা নিবেদন শুরু হয়। এর আগে সকাল ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে তার মরদেহ নিয়ে আসা হয়, যেখানে শিক্ষক, শিক্ষার্থী ও সাহিত্যপ্রেমীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়। তাকে দাফন করা হয় মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে।

syed Monzurul 1

শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৫টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সৈয়দ মনজুরুল ইসলাম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

সিলেট শহরে সৈয়দ আমিরুল ইসলাম ও রাবেয়া খাতুনের পরিবারে জন্ম নেন তিনি। সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ১৯৬৬ সালে প্রবেশিকা এবং এমসি কলেজ থেকে ১৯৬৮ সালে ইন্টারমিডিয়েট পাশ করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে স্নাতক (১৯৭১) ও স্নাতকোত্তর (১৯৭২) সম্পন্ন করেন। উচ্চশিক্ষার জন্য পরবর্তীতে কানাডায় পাড়ি জমান এবং ১৯৮১ সালে কুইন্স ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

Syed Monzurul 2

বাংলা সাহিত্য ও শিক্ষাক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে তিনি পেয়েছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (১৯৯৬), কাজী মাহবুবুল্লাহ পুরস্কার (২০১৬) এবং একুশে পদক (২০১৮)।

সাহিত্যচর্চা, শিক্ষা এবং মানবিক মূল্যবোধে অনুপ্রাণিত জীবনদর্শনের মাধ্যমে প্রজন্মের পর প্রজন্মকে তিনি আলোকিত করেছেন — আর তাই বিদায়ের এই দিনে মানুষ তাকে স্মরণ করছে একজন আলোকবর্তিকা হিসেবে।