
নিরপেক্ষ নির্বাচনের প্রতিশ্রুতি দিয়ে বক্তব্য দিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকার কোনো রাজনৈতিক দলের পক্ষে নয় এবং কোনো দলকেও সমর্থন করবে না। মূল লক্ষ্য কেবল একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর।
শনিবার (১১ অক্টোবর) রাজধানীর ডেইলি স্টার ভবনে ‘নির্বাচন কমিশন প্রণীত সাংবাদিকদের জন্য নীতিমালা–২০২৫’ শীর্ষক পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সাখাওয়াত হোসেন বলেন, “নীতিমালায় কিছু ছোট ছোট সংস্কার আনা দরকার- এটা আমার ব্যক্তিগত মতামত, সরকারের নয়। ইসি যদি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়, তাহলে যতটা সম্ভব উদার হতে হবে। সাংবাদিকদের প্রেস অ্যাক্রিডিটেশন দেওয়ার পর ভোটকক্ষে প্রবেশে কোনো বাধা থাকা উচিত নয়। সময় বেঁধে দেওয়ারও দরকার নেই।”
সাবেক নির্বাচন কমিশনার আরও বলেন, “কক্ষে দু’জনের বেশি সাংবাদিক প্রবেশে সীমাবদ্ধতা আমাদের সময়েও ছিল- কারণ জায়গা ছোট। তবে এখন বিষয়টি নতুন করে বিবেচনা করা উচিত। সাংবাদিকরাই অনিয়ম পর্যবেক্ষণের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আমরা একসময় টিভিতে লাইভ দেখে ব্যবস্থা নিয়েছিলাম- নারায়ণগঞ্জ সিটি ভোটে সেটাই করেছিলাম।”
তিনি ইসিকে সাংবাদিকদের সঙ্গে সংলাপে বসার আহ্বান জানিয়ে বলেন, “ইসি বলছে এটি হবে শতাব্দীর সেরা নির্বাচন। তাহলে ইসির চোখ হওয়া উচিত একেবারে পরিষ্কার। সাংবাদিকদের প্রবেশে অনুমতির দরকার নেই। মিডিয়া হচ্ছে ইসির চোখ। একটি জাল ভোটও পুরো নির্বাচনের বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ করে দিতে পারে।”
২০০৮ সালের সেনা সমর্থিত সরকারের সময়ের অভিজ্ঞতা তুলে ধরে সাখাওয়াত হোসেন বলেন, “সেই সময় সাংবাদিকরাই ছিলেন আমাদের চোখ। তারা আচরণবিধি ও বিভিন্ন সংস্কার কার্যক্রমে বড় ভূমিকা রেখেছিলেন। গণমাধ্যমের ফিডব্যাকের ওপর ভর করে আমরা স্বচ্ছ নির্বাচনের চেষ্টা করেছিলাম।”
সভায় সভাপতিত্ব করেন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) চেয়ারম্যান রেজোয়ানুল হক রাজা। সঞ্চালনায় ছিলেন আরটিভির হেড অব নিউজ ইলিয়াস হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, সাংবাদিক নেতা কাদের গণি চৌধুরী, রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) সভাপতি কাজী এমাদ উদ্দীন (জেবেল), সাধারণ সম্পাদক গোলামী রাব্বানীসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।
উল্লেখ্য, অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে বিজেসি ও আরএফইডি, সহযোগিতায় ছিল বিবিসি মিডিয়া অ্যাকশন।









































