মঙ্গলবার । জানুয়ারি ২০, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১২ অক্টোবর ২০২৫, ৪:৫৯ অপরাহ্ন
শেয়ার

এনসিপির চাওয়া প্রতীক অনুমোদিত তালিকায় নেই: সিইসি


CEC Nasir Uddin

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ।। ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যে ‘শাপলা ফুল’ প্রতীক চেয়েছিল, তা নির্বাচন কমিশনের (ইসি) নির্ধারিত প্রতীক তালিকায় নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

রোববার (১২ অক্টোবর) দুপুরে চট্টগ্রামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যে কোনো নিবন্ধিত দলকেই ইসির নির্ধারিত তালিকা থেকে প্রতীক বেছে নিতে হয়। এনসিপির চাওয়া প্রতীকটি ওই তালিকায় না থাকায় আমরা তা দিতে পারিনি।

তিনি আরও বলেন, কমিশন চাইলে প্রতীকের সংখ্যা বাড়াতে বা কমাতে পারে। তবে ‘শাপলা ফুল’ প্রতীক তালিকায় যুক্ত করার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

এর আগে সকালে চট্টগ্রামের সার্কিট হাউসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন সিইসি নাসির উদ্দিন। সভায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় নির্বাচনের প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা ও মাঠ প্রশাসনের সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে জানা গেছে।