
বাড়িভাড়া ভাতা বাড়ানোর দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে কর্মসূচি আরও এগিয়ে এনেছেন এমপিওভুক্ত শিক্ষকরা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল সোমবার (১৩ অক্টোবর) থেকে সারা দেশের সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হবে।
রোববার (১২ অক্টোবর) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক সমাবেশে এ কর্মসূচির ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজি। তিনি বলেন, “প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের ওপর ন্যক্কারজনক হামলার প্রতিবাদে এবং মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতার দাবিতে আমরা সোমবার থেকে পূর্ণদিবস কর্মবিরতি পালন করব।”
এর আগে একই দিন দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাব এলাকায় আন্দোলনরত শিক্ষকদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড, জলকামান ও লাঠিচার্জ করে। এতে শিক্ষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন দিকে চলে যান। কিছু শিক্ষক পরে প্রেস ক্লাব এলাকায় আবারও অবস্থান নেন, আরেকটি অংশ সরাসরি কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেয়।
এ ঘটনার পর শিক্ষক নেতারা প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত শ্রেণি কার্যক্রমে অংশ না নেওয়ার ঘোষণা দেন। আন্দোলনকারীরা জানান, বহুবার আশ্বাস দেওয়ার পরও ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা বাস্তবায়ন করা হয়নি। এবার তারা কোনো আশ্বাস নয়, প্রজ্ঞাপন হাতে পেতেই কর্মসূচি প্রত্যাহার করবেন।
তবে আন্দোলন ঘিরে শিক্ষক সংগঠনগুলোর মধ্যে বিভাজনও দেখা দিয়েছে। একপক্ষ অবস্থান কর্মসূচি শহীদ মিনারে নেওয়ার পক্ষে থাকলেও অন্যপক্ষ প্রেস ক্লাবের সামনেই থেকে সচিবালয় অভিমুখে লং মার্চের দাবি তুলেছে।
এদিকে শিক্ষকদের সঙ্গে রবিবার সকাল ১১টা ২০ মিনিটে অর্থ মন্ত্রণালয়য়ে বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে জানানো হয়েছে, ২২ অক্টোবরের মধ্যে বাড়িভাড়া ভাতা বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত দেওয়া হতে পারে। তবে বৈঠকে কোন পর্যায়ের কর্মকর্তারা অংশ নিয়েছেন, তা নিশ্চিত হওয়া যায়নি।
দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। তাদের ভাষায়, “এবার আর আশ্বাসে ফিরব না- প্রজ্ঞাপন হাতে পেলেই কর্মবিরতি শেষ হবে।”








































