বুধবার । মার্চ ১৮, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১২ অক্টোবর ২০২৫, ১০:১৪ অপরাহ্ন
শেয়ার

রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা


yunus

রোমের ফিউমিসিনো বিমানবন্দরে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত বার্ষিক ওয়ার্ল্ড ফুড ফোরামে অংশ নিতে রবিবার (১২ অক্টোবর) ইতালির রাজধানী রোমে পৌঁছেছেন।

স্থানীয় সময় বিকেল ৫টার দিকে রোম ফিউমিসিনো বিমানবন্দরে পৌঁছান তিনি। রোমে বাংলাদেশের রাষ্ট্রদূত এটিএম রোকেবুল হক প্রধান উপদেষ্টাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সকাল সাড়ে ১১টায় ড. ইউনূস হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে রওনা দেন।

সফরসূচি অনুযায়ী, তিনি ফোরামের মূল অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে ভাষণ দেবেন এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য নিরসন এবং টেকসই উন্নয়নসহ বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা হবে।

ওয়ার্ল্ড ফুড ফোরাম ১০ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত রোমের এফএও সদর দপ্তরে অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সক্রিয় কূটনৈতিক উপস্থিতি হিসেবে এ সফরকে গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রধান উপদেষ্টা ১৫ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে।