
বাড়িভাড়া ভাতা বৃদ্ধির দাবিতে আজ সোমবার (১৩ অক্টোবর) থেকে দেশব্যাপী অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করছেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা। আন্দোলনের অংশ হিসেবে দেশের সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম বন্ধ রয়েছে।
মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা এবং প্রেস ক্লাবের সামনে আন্দোলনরত শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে এই কর্মবিরতির ডাক দিয়েছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোট।
গতকাল রোববার দুপুর পৌনে ২টার দিকে রাজধানীর জাতীয় প্রেস ক্লাব এলাকায় আন্দোলনরত শিক্ষকদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড, জলকামান ও লাঠিচার্জ করে। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ছত্রভঙ্গ হওয়ার পরও অনেক শিক্ষক আবারো প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন, কেউ কেউ শহীদ মিনারে অবস্থান শুরু করেন। সেখান থেকেই তাঁরা লাগাতার আন্দোলনের ঘোষণা দেন।
উল্লেখ্য, গত ১৩ আগস্ট জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত শিক্ষক সমাবেশে শিক্ষা উপদেষ্টা শিক্ষক নেতাদের সঙ্গে আলোচনায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া, চিকিৎসাভাতা এবং কর্মচারীদের উৎসবভাতা বাড়ানোর আশ্বাস দিয়েছিলেন। কিন্তু গত ৫ অক্টোবর শিক্ষক দিবসে অর্থ মন্ত্রণালয় মাত্র ৫০০ টাকা বাড়িভাড়া ভাতা বাড়ানোর প্রজ্ঞাপন জারি করে। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ শিক্ষকরা আন্দোলনে নামেন।
শিক্ষক নেতারা জানিয়েছেন, সরকারের কাছ থেকে দাবিদাওয়া পূরণের সুস্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে।



































