
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) মহাপরিচালক ড. কু দোংইউ সোমবার ইতালির রোমে এফএও সদর দফতরে ‘গ্লোবাল অ্যালায়েন্স এগেইনস্ট হাঙ্গার অ্যান্ড পোভার্টি’–র নতুন কার্যালয় উদ্বোধন করেছেন।
ব্রাজিল ও বাংলাদেশ যৌথভাবে এই জোটের সহ-প্রতিষ্ঠাতা, যার ধারণাটি প্রায় এক দশক আগে প্রেসিডেন্ট লুলার উদ্যোগে প্রথম প্রস্তাবিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে তিন নেতা একসঙ্গে নতুন কার্যালয়ে প্রবেশ করে করমর্দনের মাধ্যমে জোটের আনুষ্ঠানিক যাত্রা ঘোষণা করেন।
তারা এই উদ্যোগকে বৈশ্বিক ক্ষুধা মোকাবিলার এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন এবং বলেন, গাজা ও সুদানের ভয়াবহ দুর্ভিক্ষসহ যখন বিশ্বের তিনশ মিলিয়নেরও বেশি মানুষ খাদ্য নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে, তখন একসঙ্গে কাজ করার বিকল্প নেই।
অধ্যাপক মুহাম্মদ ইউনূস উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, ‘চলুন আমরা সবাই মিলে ক্ষুধা ও দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করি।’
প্রেসিডেন্ট লুলা ও ড. কু দোংইউও সংক্ষিপ্ত বক্তব্যে এই নতুন অংশীদারত্বের তাৎপর্য তুলে ধরেন এবং বলেন, জোটটি খাদ্য নিরাপত্তাহীনতার বিরুদ্ধে সমন্বিত বৈশ্বিক পদক্ষেপে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাজিলের কয়েকজন মন্ত্রী, বাংলাদেশের খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার এবং মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফারিদা আখতারসহ আরও অনেকে।







































