
ইতালির রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত ওয়ার্ল্ড ফুড ফোরাম ও গ্লোবাল মিটিংয়ে অংশগ্রহণ শেষে দেশের পথে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
দুদিনের সরকারি সফর শেষে স্থানীয় সময় মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রোম ত্যাগ করেন তিনি।
এর আগে রোববার (১২ অক্টোবর) বিকেলে রোমে পৌঁছান অধ্যাপক ইউনূস। সফরকালে তিনি ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের বিভিন্ন সেশনে অংশ নেন এবং সাইডলাইনে একাধিক বৈঠকে যোগ দেন। এসব বৈঠকে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি ও উন্নয়ন অংশীদারদের সঙ্গে খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য হ্রাস, জলবায়ু পরিবর্তন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের কৌশল নিয়ে আলোচনা হয়।
ওয়ার্ল্ড ফুড ফোরামটি এফএওর একটি বার্ষিক বৈশ্বিক প্ল্যাটফর্ম, যেখানে নীতিনির্ধারক, বিজ্ঞানী ও তরুণ উদ্যোক্তারা ভবিষ্যতের খাদ্য ব্যবস্থাকে আরও টেকসই ও অন্তর্ভুক্তিমূলক করার পথ নিয়ে মতবিনিময় করেন। এবারের আয়োজনটি ১০ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত রোমে এফএও সদর দপ্তরে অনুষ্ঠিত হচ্ছে।

































