বুধবার । জানুয়ারি ১৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৫ অক্টোবর ২০২৫, ৪:২২ অপরাহ্ন
শেয়ার

জুলাই সনদের স্বাক্ষর নিয়ে অনিশ্চয়তা, সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠক


Oyekkomot Commission

জুলাই জাতীয় সনদ স্বাক্ষর নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ দেখা দেওয়ায় এই অনিশ্চয়তা গভীর হচ্ছে।

এ পরিস্থিতিতে আজ বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৬টায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে জরুরি বৈঠকে বসছে জাতীয় ঐকমত্য কমিশন। এর আগে কমিশনের সদস্যরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন বলে সূত্রে জানা গেছে।

৬টি সংস্কার কমিশনের প্রস্তাবনা মিলিয়ে ৮৪ দফা সুপারিশের ভিত্তিতে তৈরি হচ্ছে জুলাই জাতীয় সনদ, যার স্বাক্ষর অনুষ্ঠান শুক্রবার অনুষ্ঠিত হওয়ার কথা। মঙ্গলবার রাতে সনদের চূড়ান্ত খসড়া বিভিন্ন রাজনৈতিক দলের কাছে পাঠানো হলেও, এর বাস্তবায়ন কাঠামো নিয়ে এখনো সবার মধ্যে পূর্ণ ঐকমত্য গড়ে ওঠেনি।

সূত্র বলছে, কমিশন সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে একটি আলাদা সুপারিশ দেওয়ার কথা থাকলেও সেটি এখনো চূড়ান্ত হয়নি। যদিও গণভোটের মাধ্যমে সনদ কার্যকর করার বিষয়ে সবাই নীতিগতভাবে একমত, কিন্তু ভোট কবে, কীভাবে এবং কার তত্ত্বাবধানে হবে—তা নিয়েই মতপার্থক্য রয়ে গেছে।

অনেক দলই বলছে, বাস্তবায়ন প্রক্রিয়া পরিষ্কার না হওয়া পর্যন্ত তারা সনদে স্বাক্ষর করবে না। ফলে স্বাক্ষর অনুষ্ঠানের আগে বৈঠকটি এই অচলাবস্থা কাটানোর জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।