বৃহস্পতিবার । জানুয়ারি ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৫ অক্টোবর ২০২৫, ৬:৫৯ অপরাহ্ন
শেয়ার

রাজনৈতিক দলগুলোর সঙ্গে জরুরি বৈঠকে ঐকমত্য কমিশন


Commission-meeting

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভিন্নতা দেখা দেওয়ায় জরুরি বৈঠকে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

এর আগে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান সামনে রেখে বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে জাতীয় ঐকমত্য কমিশনের আরেকটি বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, সফর রাজ হোসেন, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। এছাড়া জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়াও বৈঠকে যোগ দেন।

জুলাই জাতীয় সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বাস্তবায়ন কৌশল ও পদ্ধতি নিয়ে মতপার্থক্য তৈরি হওয়ায় কমিশনের এই জরুরি বৈঠক গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

আগামী ১৭ অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদ ২০২৫ স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে বাড়ছে উত্তেজনা ও আলোচনা।