
দেশের চার জেলায় জেলা প্রশাসক (ডিসি) পদে পরিবর্তন ও নতুন নিয়োগ দিয়েছে সরকার। আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে এ নিয়োগের আদেশ জারি করে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ফেনীর জেলা প্রশাসক সাইফুল ইসলামকে চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মনিরা হককে ফেনীর জেলা প্রশাসক করা হয়েছে।
এ ছাড়া বিদ্যুৎ বিভাগের উপসচিব মোহাম্মদ সোলায়মানকে চাঁপাইনবাবগঞ্জ ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফসানা বিলকিসকে মাদারীপুরের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
নতুন নিয়োগ পাওয়া কর্মকর্তাদের মধ্যে মোহাম্মদ সোলায়মান ও আফসানা বিলকিস বিসিএস প্রশাসন ক্যাডারের ২৫তম ব্যাচের এবং সাইফুল ইসলাম ও মনিরা হক ২৭তম ব্যাচের কর্মকর্তা।
প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে, গত ২১ সেপ্টেম্বর চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে মোহাম্মদ আবদুল আউয়ালের বদলির আদেশ বাতিল করা হয়েছে। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।






































