মঙ্গলবার । জানুয়ারি ২০, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৫ অক্টোবর ২০২৫, ১০:০৪ অপরাহ্ন
শেয়ার

মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা গেজেট হবে চলতি মাসেই: ধর্ম উপদেষ্টা


Religion-Adviser

চলতি মাসেই মসজিদ ব্যবস্থাপনা নীতিমালার গেজেট প্রকাশ করা হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। বুধবার (১৫ অক্টোবর) সকালে বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত ‘মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা ২০২৫’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

ধর্ম উপদেষ্টা বলেন, “সব অংশীজনের মতামতের ভিত্তিতে একটি গ্রহণযোগ্য মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা প্রণয়ন করা হবে। এরই মধ্যে গঠিত কমিটি খসড়া তৈরি করেছে। দেশের শীর্ষ আলেম-ওলামাদের মতামতের ভিত্তিতেই এটি চূড়ান্ত করা হবে। এই নীতিমালায় ইমাম ও মুয়াজ্জিনদের স্বার্থ সুরক্ষিত থাকবে।”

এর আগে ইসলামিক ফাউন্ডেশনের সচিব শেখ মুর্শিদুল ইসলাম সংশোধিত নীতিমালার খসড়া উপস্থাপন করেন। কর্মশালায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধর্মবিষয়ক সচিব মো. কামাল উদ্দিন।

কর্মশালায় আরও বক্তব্য দেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক, ইসলামিক ফাউন্ডেশন বোর্ড অব গভর্নরসের গভর্নর মাওলানা মোহাম্মদ খলিলুর রহমান মাদানী, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় সভাপতি মাওলানা কাজী আবু হুরায়রা, মহাসচিব মাওলানা শাহ নজরুল ইসলাম, মুফতি রেজাউল করিম আবরার, মুফতি কাসেম শরীফ এবং শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি শামীম মজুমদার।

বক্তারা মসজিদ ব্যবস্থাপনা নীতিমালাকে যুগোপযোগী ও বাস্তবসম্মত করার বিষয়ে তাঁদের মতামত তুলে ধরেন। কর্মশালায় দেশের অর্ধশতাধিক শীর্ষ আলেম-ওলামা অংশ নেন।