
বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ
দেশের প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে সরকারের সুসম্পর্ক বজায় রাখতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, রাষ্ট্রের ভারসাম্য রক্ষা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রতিরক্ষা বাহিনীর মধ্যে কোনো অস্থিরতা বা ভারসাম্যহীনতা সৃষ্টি করা উচিত নয়।
বুধবার রাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘আমরা চাই না প্রতিরক্ষা বাহিনীগুলোর মধ্যে কোনো ভারসাম্য নষ্ট হোক। এটি দেশের জন্য বিপজ্জনক হতে পারে। আমরা চাই প্রধান উপদেষ্টার সঙ্গে প্রতিরক্ষা বাহিনীর সম্পর্ক স্বচ্ছ ও সুদৃঢ় থাকুক। রাষ্ট্রকে একটি ভারসাম্যপূর্ণ অবস্থায় রাখা এখন সময়ের দাবি।’
বিএনপি’র এই নেতা আরও বলেন, ‘সাম্প্রতিক সময়ে সরকারি কর্মকর্তাদের পদায়ন ও বদলির ক্ষেত্রে অনিয়ম দেখা যাচ্ছে। আপনি মন্ত্রিপরিষদে একটি কমিটি গঠন করেছেন এসব বদলি-পদায়নের তদারকিতে, কিন্তু সেটির কোনো কার্যকর প্রয়োগ দেখা যাচ্ছে না। সচিবালয়ে এখন যেন এক ধরনের রাজত্ব গড়ে উঠেছে,’
প্রধান উপদেষ্টাকে উদ্দেশ করে তিনি আরও বলেন, ‘আপনার প্রতি আমাদের সমর্থন সবসময় ছিল এবং এখনো আছে, তবে সেটি শর্তসাপেক্ষ। আমরা চাই আপনার নেতৃত্বে একটি ঐতিহাসিক নির্বাচন অনুষ্ঠিত হোক। গণতান্ত্রিক উত্তরণের জন্য আমরা সমর্থন দিচ্ছি, কিন্তু সেই সমর্থনের সীমারেখা আছে।’
জুলাই সনদ বিষয়ে তিনি বলেন, সেটি প্রকাশের পর জনগণ গণভোটের মাধ্যমে তাদের মত জানাবে। তিনি প্রস্তাব দেন, জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজন করা যেতে পারে।
তিনি আরও যোগ করেন, আগে গণভোট চাওয়ার প্রস্তাবও যৌক্তিক হতে পারে, তবে সেটি নির্বাচন বিলম্বিত করার উদ্দেশ্যে ব্যবহার করা উচিত নয় বলে মন্তব্য করেন বিএনপির এই সিনিয়র নেতা।
সালাহউদ্দিন আহমেদ সতর্ক করে বলেন, ‘পতিত স্বৈরাচার ও তাদের দোসররা সুযোগের অপেক্ষায় আছে। তাই এখন অতিবিপ্লবী কোনো পদক্ষেপ না নিয়ে বাস্তবতার আলোকে সিদ্ধান্ত নিতে হবে।’
বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা রাজনৈতিক দলগুলোর মতামত শোনেন এবং নির্বাচনের প্রস্তুতি প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন।









































