রবিবার । জানুয়ারি ২৫, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৬ অক্টোবর ২০২৫, ৯:২৩ অপরাহ্ন
শেয়ার

ভারতে তিন বাংলাদেশিকে পিটিয়ে হত্যা


BD-India

বাংলাদেশ-ভারত সীমান্ত। সংগৃহীত ছবি

ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই জেলার কারেঙ্গিছড়া এলাকায় গরু চোর সন্দেহে তিন বাংলাদেশিকে পিটিয়ে ও তীর মেরে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি-৫৫ ব্যাটালিয়নের (হবিগঞ্জ) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বৃহস্পতিবার গণমাধ্যমকে বলেন, “কুপিয়ে ও তীর মেরে হত্যা করা মরদেহগুলো বাংলাদেশি নাগরিকের। এ ঘটনায় বিজিবি ও বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর মধ্যে পতাকা বৈঠক করার সিদ্ধান্ত হয়েছে।”

নিহত তিনজন হলেন- চুনারুঘাট উপজেলার আলীনগর গ্রামের আশ্বব আলীর ছেলে জুয়েল মিয়া (৩২), বাসুল্লা গ্রামের কনা মিয়ার ছেলে পণ্ডিত মিয়া (৪৫) এবং কবিলাশপুর গ্রামের কদ্দুস মিয়ার ছেলে সজল মিয়া (২০)।

বিজিবির তথ্য অনুযায়ী, ওই তিনজন ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই জেলার কারেঙ্গিছড়া এলাকায় প্রবেশ করে অবস্থান করছিলেন। এলাকা সীমান্তের শূন্যরেখা থেকে ৪-৫ কিলোমিটার ভেতরে এবং বিএসএফ ৭০ ব্যাটালিয়ন-এর আওতাধীন। স্থানীয় বাসিন্দারা গরু চোর সন্দেহে তাঁদের গণপিটুনি ও তীর মেরে হত্যা করে। পরে ভারতীয় পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বর্তমানে তিনজনের লাশ ভারতের সাম্পাহার থানায় রয়েছে বলে জানিয়েছে বিজিবি। সংস্থাটির ধারণা, তারা গরু পাচারের উদ্দেশ্যে ওই এলাকায় গিয়েছিলেন।

চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়ন পরিষদের সদস্য তারেকুর রহমান বলেন, “লাশের ছবি দেখে নিহতদের পরিচয় শনাক্ত করা হয়েছে।”

ঘটনার পর সীমান্তে উত্তেজনা সৃষ্টি হওয়ায় বিজিবি ও বিএসএফের মধ্যে দ্রুত পতাকা বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে।