বৃহস্পতিবার । মার্চ ৫, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৭ অক্টোবর ২০২৫, ২:১৬ অপরাহ্ন
শেয়ার

ভারতে তিন বাংলাদেশিকে পিটিয়ে হত্যায় ঢাকার নিন্দা


Foreign Ministry

ভারতের ত্রিপুরা রাজ্যতে তিন বাংলাদেশি নাগরিককে নির্মমভাবে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সরকার। শুক্রবার (১৭ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ অবস্থান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই জঘন্য হত্যাকাণ্ড মানবাধিকার ও আইনের শাসনের অগ্রহণযোগ্য এবং গুরুতর লঙ্ঘন। বাংলাদেশ সরকার এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এ ধরনের অমানবিক ঘটনার পুনরাবৃত্তি রোধে ভারত সরকারকে আন্তরিক পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে অপরাধীদের দ্রুত চিহ্নিত করে বিচারের আওতায় আনার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “সীমান্তের যে প্রান্তেই থাকুক না কেন, জাতীয়তা নির্বিশেষে সকল ব্যক্তি তাদের মানবাধিকারের পূর্ণ সুরক্ষার অধিকারী।”

গত ১৫ অক্টোবর ত্রিপুরা রাজ্যর খোয়াই জেলার কারেঙ্গিছড়া এলাকায় প্রবেশ করে অবস্থান করছিলেন তিন বাংলাদেশি। স্থানীয়রা তাঁদের চোর সন্দেহে গণপিটুনি ও তীর মেরে হত্যা করে।

পরে মরদেহগুলো উদ্ধার করে স্থানীয় পুলিশ থানায় নিয়ে যায়।

বাংলাদেশ সরকার জানিয়েছে, এ ঘটনার প্রতি নজর রাখা হচ্ছে এবং কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ভারত সরকারের সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগ করা হচ্ছে।