বুধবার । মার্চ ১১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৭ অক্টোবর ২০২৫, ৪:১৯ অপরাহ্ন
শেয়ার

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন


Press Wing

ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ ২০২৫ স্বাক্ষর অনুষ্ঠানের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে সরকার। আজ শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই অনুষ্ঠান আয়োজন করা হবে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, বিকেল ৪টায় অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা থাকলেও প্রতিকূল আবহাওয়ার কারণে কিছুটা দেরি হতে পারে। তবে সব প্রস্তুতি শেষ এবং কিছু অতিথি ইতোমধ্যেই অনুষ্ঠানস্থলে পৌঁছেছেন। প্রেস উইং জানায়, “আমরা আমাদের ইতিহাসের এক নতুন অধ্যায়ের সূচনা প্রত্যক্ষ করার অপেক্ষায় আছি।”

প্রেস সচিব শফিকুল আলম ফেসবুকে লিখেছেন, “ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের জন্য আমরা প্রস্তুত। প্রতিকূল আবহাওয়ার কারণে কয়েক মিনিট দেরি হতে পারে। তবে সবকিছু ঠিকঠাক চলছে এবং অতিথিরা আসতে শুরু করেছেন। আমাদের ইতিহাসের নতুন একটি অধ্যায়ের সূচনা দেখার অপেক্ষায় আছি।”

জাতীয় ঐকমত্য কমিশনের সূত্র জানিয়েছে, জাতীয় সংগীত পরিবেশন ও শহীদদের প্রতি শোক জ্ঞাপনের মাধ্যমে শুরু হবে মূল অনুষ্ঠান। এরপর সংক্ষিপ্ত স্বাগত বক্তব্য দেবেন কমিশনের সহসভাপতি আলী রীয়াজ।

এরপর রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি ও কমিশনের সদস্যরা সনদের অঙ্গীকারনামায় সই করবেন। সবার শেষে সই করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। অনুষ্ঠানের শুরুতে জুলাই সনদ প্রণয়নের প্রেক্ষাপট নিয়ে একটি প্রামাণ্যচিত্রও প্রদর্শিত হবে।

অনুষ্ঠান ঘিরে সকাল থেকে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি দেখা দেয় সংসদ ভবন এলাকায়। জুলাই অভ্যুত্থানে আহত ছাত্র-জনতা রাষ্ট্রীয় স্বীকৃতি ও “জুলাই আহত বীর” হিসেবে স্বীকৃতির দাবিতে দক্ষিণ প্লাজায় অবস্থান নেন।

অধ্যাপক আলী রীয়াজ বিক্ষোভকারীদের জানান, সনদে তাদের স্বীকৃতি অন্তর্ভুক্ত থাকবে এবং শান্তিপূর্ণভাবে সরে যাওয়ার আহ্বান জানান। তবে আন্দোলনকারীরা অবস্থান অব্যাহত রাখলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হস্তক্ষেপ করে। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়া ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সূত্র: বাসস