
জুলাই জাতীয় সনদ ২০২৫ স্বাক্ষর অনুষ্ঠান পুলিশের সঙ্গে ‘জুলাই যোদ্ধাদের’ সংঘর্ষের কয়েক ঘণ্টা পর শুরু হয়েছে। অনুষ্ঠানে যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসসহ কয়েকটি রাজনৈতিক দলের শীর্ষ নেতা ও জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা।
শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই অনুষ্ঠান শুরু হয়। বিকেল ৪টায় শুরুর কথা থাকলেও প্রতিকূল আবহাওয়ার কারণে কিছুটা দেরিতে অনুষ্ঠান শুরু হয় বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে।
বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচারে দেখা গেছে, জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা, সংস্কার কমিশনের সদস্য এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
মঞ্চে উপস্থিত রাজনৈতিক নেতাদের মধ্যে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, নাগরিক ঐক্যর সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন প্রমুখ।
অনুষ্ঠানে অতিথিদের আগমন শুরু হয় বিকেল থেকেই। শিক্ষা উপদেষ্টা সি আর আবরার, খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যবকে অনুষ্ঠানস্থলে দেখা গেছে।
অনুষ্ঠানস্থলে বিকেল থেকেই অতিথিদের আগমন শুরু হয়। এর আগে দুপুরে দক্ষিণ প্লাজা এলাকায় ‘জুলাই যোদ্ধা’ পরিচয়ে বিক্ষোভ চলাকালে সংঘর্ষ, ইটপাটকেল নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর আনুষ্ঠানিকভাবে শুরু হয় এই ঐতিহাসিক সনদ স্বাক্ষর অনুষ্ঠান।



































