
রাজধানীর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শুরু হয়েছে বহুল প্রত্যাশিত জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান। বৃষ্টির কারণে প্রায় আধা ঘণ্টা বিলম্বে শুরু হয়েছে অনুষ্ঠান।
অনুষ্ঠানে উপস্থিত আছেন প্রধান উপদেষ্টাসহ ঐকমত্য কমিশনের সদস্যরা।
বিএনপির পক্ষ থেকে উপস্থিত রয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ ও মির্জা আব্বাস, এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।
জামায়াতে ইসলামীর প্রতিনিধিত্ব করছেন নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের এবং সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
এছাড়া গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, এবি পার্টির মজিবুর রহমান মঞ্জু, এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকেও অনুষ্ঠানের মঞ্চে দেখা গেছে।
‘সনদের আইনি ভিত্তি’র দাবি করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নিচ্ছে না।
এর আগে দুপুরে সংসদ ভবনের সামনের এলাকায় ‘জুলাই যোদ্ধা’ ব্যানারে জড়ো হওয়া কয়েকশ বিক্ষোভকারীকে আইনশৃঙ্খলা বাহিনী ছত্রভঙ্গ করে দেয়। এ সময় লাঠিচার্জের ঘটনাও ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
রাজনৈতিক অচলাবস্থার মধ্যে এই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে অনেকে দেশের নতুন রাজনৈতিক সমঝোতার সূচনা হিসেবে দেখছেন।



































