সোমবার । জানুয়ারি ১৯, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৭ অক্টোবর ২০২৫, ৬:০৭ অপরাহ্ন
শেয়ার

আমাদের নবজন্ম হলো: প্রধান উপদেষ্টা


CA speech new July Sanad

জুলাই জাতীয় সনদ ২০২৫–এ স্বাক্ষর শেষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, এর মাধ্যমে আমাদের নবজন্ম হলো। এই সনদ বাংলাদেশের রাজনীতি ও শাসনব্যবস্থায় এক নতুন অধ্যায়ের সূচনা করবে।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধান উপদেষ্টাসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা সনদে স্বাক্ষর করেন। এর আগে বিকেল ৪টা ৩৭ মিনিটে জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

স্বাক্ষর শেষে ভাষণে অধ্যাপক ইউনূস বলেন, ‌‘জুলাই সনদ বাংলাদেশকে বদলে দেবে। এই পরিবর্তন সম্ভব হয়েছে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের কারণে। এটি সেই গণঅভ্যুত্থানের দ্বিতীয় ধাপ—যার মাধ্যমে আমরা পুরোনো ধ্যানধারণা বাদ দিয়ে নতুন চিন্তা ও মূল্যবোধকে গ্রহণ করছি।”

এসময় তিনি আরও বলেন, ‘আমরা সংসদ থেকে শুরু করে সরকার পরিচালনার বিভিন্ন ক্ষেত্রে বড় ধরনের সংস্কার এনেছি। এই পরিবর্তন আমাদের সামনে এগিয়ে যাওয়ার দিক নির্দেশনা দেবে। আজকের এই দিনটি আমাদের নবজন্মের দিন—এই স্বাক্ষরের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের যাত্রা শুরু করলাম।’

রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, জুলাই জাতীয় সনদ দেশের গণতন্ত্র, প্রশাসন ও নাগরিক অংশগ্রহণে কাঠামোগত পরিবর্তনের পথ খুলে দিতে পারে। অনুষ্ঠানস্থলে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, কূটনীতিক ও নাগরিক সমাজের প্রতিনিধিরাও একে দেশের রাজনৈতিক ইতিহাসে এক মাইলফলক বলে অভিহিত করেছেন।