
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের বিদেশি কুরিয়ার সার্ভিসের অংশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুর ২টা ১৫ মিনিটের দিকে সেখানে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলমান রয়েছে। তবে আগুনের উৎস এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ বলেন, “কার্গো ভিলেজের পাশের একটি অংশে আগুন লেগেছে। ফায়ার সার্ভিস, বাংলাদেশ বিমান বাহিনী এবং বিমানবন্দরের নিজস্ব টিম একযোগে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।”

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের কারণে বিমানবন্দরের ফ্লাইট ওঠানামা স্বাভাবিক রয়েছে এবং যাত্রীসেবা কার্যক্রমে কোনো ব্যাঘাত ঘটেনি।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক ত্রুটি বা কার্গো এলাকায় সংরক্ষিত কোনো সামগ্রী থেকে আগুনের সূত্রপাত হতে পারে, তবে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।







































