
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল বলেছেন, তদন্ত শেষে বোঝা যাবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) রাত ১০টা ৭ মিনিটে ঘটনাস্থল থেকে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, ‘আগুন এখন নিয়ন্ত্রণে এসেছে। আমাদের সদস্যরা এখনও কাজ করছে—পুরোপুরি নির্বাপন শেষে আমরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করব।’
এ ঘটনায় দুইজন ফায়ার ফাইটার এবং কয়েকজন আনসার সদস্য আহত হয়েছেন বলে জানান তিনি। তবে তারা কেউই গুরুতর আহত নন।
আগুন লাগার কারণ সম্পর্কে জানতে চাইলে ডিজি বলেন, ‘তদন্ত শেষে বোঝা যাবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে। অতিরিক্ত বাতাস ও কার্গো ভিলেজের ভেতরের সংকীর্ণ খোপ খোপ কাঠামোর কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা সময় লেগেছে।’
তিনি আরও বলেন, ‘একপাশের আগুন নেভানোর পর আমরা সেখান থেকে মালামাল সরিয়ে নিয়েছি। এখন আমাদের লক্ষ্য পুরো এলাকা নিরাপদ করা এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা।’
কেমিক্যাল জাতীয় কোনো দাহ্য পদার্থ সেখানে ছিল কি না—এমন প্রশ্নের জবাবে ফায়ার সার্ভিসের ডিজি বলেন, ‘এ মুহূর্তে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়, তদন্ত শেষ হলে বিস্তারিত জানা যাবে।’







































