মঙ্গলবার । মার্চ ২৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২০ অক্টোবর ২০২৫, ২:৫১ অপরাহ্ন
শেয়ার

নির্বাচনী প্রচারণায় চার কারণে ড্রোনকে না ইসির


Drone EC

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী প্রচারণা ও সংশ্লিষ্ট কার্যক্রমে ড্রোন ব্যবহার করা যাবেনা। চারটি বিষয় বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (২০ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা বিষয়ক প্রস্তুতিমূলক সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়। সভায় চার নির্বাচন কমিশনার, ইসি সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশের আইজিপি, সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রতিনিধি, র‌্যাব, বিজিবি, এনএসআই, ডিজিএফআইসহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইসির নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত কার্যপত্রে বলা হয়েছে, ড্রোন আধুনিক প্রযুক্তির অংশ হলেও নির্বাচনী সময়ে এটি নানা ঝুঁকি তৈরি করতে পারে। চারটি প্রধান কারণে এর ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে— ভোটের গোপনীয়তা লঙ্ঘন, নিরাপত্তা ঝুঁকি, আইন ও বিধি লঙ্ঘন, এবং ব্যক্তিগত তথ্য চুরির আশঙ্কা।

কার্যপত্রে বলা হয়, অনুমতি ছাড়া ড্রোন ব্যবহার করে ভোটারদের ব্যক্তিগত জায়গা বা ভোটকক্ষ পর্যবেক্ষণ করা গেলে গোপনীয়তা ক্ষুণ্ণ হতে পারে। এছাড়া ড্রোনের মাধ্যমে বিপজ্জনক বস্তু বহন বা ভিডিও ধারণ করে তা অপব্যবহারের ঝুঁকিও রয়েছে, যা নির্বাচনের নিরাপত্তা ও বিশ্বাসযোগ্যতা নষ্ট করতে পারে।

সভায় আরও জানানো হয়, জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী তিন ধাপে কাজ করবে— তফসিল ঘোষণার আগে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, নির্বাচন চলাকালে নিরাপত্তা নিশ্চিত করা, এবং ভোটের পর সহিংসতা প্রতিরোধে নজরদারি চালানো। নির্বাচনের দিন মাঠে থাকবে পুলিশ, র‌্যাব, বিজিবি, কোস্টগার্ড, আনসার ও সশস্ত্র বাহিনীর স্ট্রাইকিং ফোর্স।

ইসি জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিমূলক কার্যক্রম ইতোমধ্যে শেষ পর্যায়ে রয়েছে। ভোটার তালিকা হালনাগাদ, সীমানা নির্ধারণ, ভোটকেন্দ্র চূড়ান্তকরণসহ নানা প্রস্তুতি চলছে। কমিশন শান্তিপূর্ণ, স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।