মঙ্গলবার । মার্চ ২৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২০ অক্টোবর ২০২৫, ৭:১৬ অপরাহ্ন
শেয়ার

১৭ অক্টোবরের ঘটনায় দুঃখ প্রকাশ

‘জুলাইযোদ্ধা’দের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক


July-Fighter

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করেছেন ‘জুলাইযোদ্ধা’রা। সোমবার (২০ অক্টোবর) জাতীয় সংসদের এলডি হলে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

ঐকমত্য কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে গত ১৭ অক্টোবর জাতীয় সংসদ এলাকায় সংগঠিত বিশৃঙ্খলাসহ জুলাইযোদ্ধাদের চিকিৎসা, আইনি সুরক্ষা ও পরিচয় নিশ্চিতকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান, ড. মোহাম্মদ আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

জুলাইযোদ্ধাদের প্রতিনিধি দল কমিশনকে জানায়, স্বাস্থ্য কার্ড থাকা সত্ত্বেও অনেকেই কোরবানি ঈদের পর থেকে প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছেন না। আহতদের চিকিৎসা নিশ্চিতে স্বাস্থ্য উপদেষ্টার পক্ষ থেকে দেশের সব হাসপাতালে নির্দেশনা পাঠানোর দাবি জানান তারা। পাশাপাশি জুলাই পরিবারের সদস্যদের আইনি সুরক্ষা নিশ্চিতের ব্যবস্থাও চান।

এ সময় প্রত্যেক জুলাইযোদ্ধাকে একটি নির্দিষ্ট পরিচয়পত্র (আইডি কার্ড) দেওয়ার প্রস্তাবও উত্থাপন করেন তারা।

১৭ অক্টোবরের ঘটনার প্রসঙ্গে জুলাইযোদ্ধারা জানান, ঘটনাটি তাদের জন্য ‘সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত’ ছিল। তারা বলেন, “আমরা কোনো সহিংসতা করতে যাইনি; ন্যায্য দাবিগুলো শান্তিপূর্ণভাবে উপস্থাপন করতে গিয়েছিলাম। কিন্তু কিছু বহিরাগত ব্যক্তি অনুপ্রবেশ করে ভাঙচুর ও সংঘর্ষে জড়িয়ে পড়ে।” তারা কমিশনকে জানান, ওই ঘটনায় জড়িত ২০ থেকে ২৫ জন বহিরাগতকে তারা চিহ্নিত করেছেন।

জুলাইযোদ্ধারা এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেন এবং সেদিন দায়ের হওয়া চারটি মামলা প্রত্যাহারে কমিশনের সহায়তা কামনা করেন।

বৈঠকে কমিশনের পক্ষ থেকে জানানো হয়, জুলাইযোদ্ধাদের উত্থাপিত সব দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সহায়তা করা হবে।

জুলাইযোদ্ধাদের ১৩ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্বে বৈঠকে উপস্থিত ছিলেন মো. সোহাগ মাহমুদ, কামরুল হাসান, মো. আল-আমিন, মুস্তাঈন বিল্লাহ হাবিবী, হাসিবুল হাসান জিসান, মারুফা মায়া, আহাদুল ইসলাম, মাজেদুল হক শান্ত, মো. সাগর উদ্দিন, মো. দুলাল খান, মো. নাহিদুজ্জামান, ইমরান খান ও নুসরাত জাহান।