
পুলিশের সক্ষমতা বাড়াতে বড় পদক্ষেপ নিয়েছে সরকার। উপসহকারী পরিদর্শক (এএসআই–নিরস্ত্র) পদে চার হাজার জনবল নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-৩ শাখার উপসচিব আবু সাঈদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ‘বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধি ও সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার লক্ষ্যে ৪ হাজার এএসআই (নিরস্ত্র) গ্রেড-১৪ পদ রাজস্ব খাতে অস্থায়ীভাবে সৃজন করা হলো।’
প্রজ্ঞাপনে আরও বলা হয়, অনুমোদিত পদগুলো সাংগঠনিক কাঠামোয় অন্তর্ভুক্ত করে হালনাগাদ কাঠামো সংশ্লিষ্ট কার্যালয়ে পাঠাতে হবে। পদ সংরক্ষণ ও স্থায়ীকরণ প্রক্রিয়া মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী সম্পন্ন হবে। অর্থ বিভাগের জিও পৃষ্ঠাঙ্কনের তারিখ থেকে এসব পদ কার্যকর হবে।
১৯৪৩ সালের পুলিশ রেজল্যুশন অব বেঙ্গল অনুযায়ী পদগুলো পূরণ করা হবে বলে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি জনপ্রশাসন ও অর্থ বিভাগের আরোপিত শর্তাবলি যথাযথভাবে অনুসরণ করতে হবে এবং অন্যান্য প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে নিয়োগ কার্যক্রম পরিচালনা হবে।
নতুন এ নিয়োগের ফলে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের সক্ষমতা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।







































