মঙ্গলবার । মার্চ ২৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৬ অক্টোবর ২০২৫, ৩:২৯ অপরাহ্ন
শেয়ার

মেট্রোরেলে দুর্ঘটনা

নিহতের পরিবার পাবে ৫ লাখ, কর্মক্ষম সদস্যকে দেওয়া হবে চাকরি, তদন্তে কমিটি


মেট্রোরেলে দুর্ঘটনা
রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে এক যুবকের মৃত্যুর ঘটনায় নিহতের পরিবারকে প্রাথমিকভাবে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন সড়ক ও রেল উপদেষ্টা ফাওজুল কবির খান। এছাড়া নিহতের পরিবারে কর্মক্ষম কেউ থাকলে তাকে মেট্রোরেলে চাকরির সুযোগ দেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।

দুর্ঘটনার পরপরই রোববার (২৬ অক্টোবর) দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে তিনি জানান দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিবারের দায়িত্ব মেট্রোরেল কর্তৃপক্ষ গ্রহণ করবে। প্রাথমিকভাবে পরিবারকে ৫ লাখ টাকা সহায়তা দেওয়া হবে, পরে পরিবারের কর্মক্ষম সদস্য থাকলে তাকে চাকরির ব্যবস্থা করা হবে।

উপদেষ্টা এ সময় জানান, আহতদের চিকিৎসার খরচও মেট্রোরেল কর্তৃপক্ষ বহন করবে।

এদিকে এটি দুর্ঘটনা নাকি নাশকতা তা খতিয়ে দেখতে সেতু বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রউফকে আহ্বায়ক করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে ফার্মগেট এলাকায় মেট্রোরেলের একটি বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে আবুল কালাম (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়। তিনি শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশরপাটি গ্রামের বাসিন্দা ছিলেন।