
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে ৩০০ আসনের বিপরীতে ৪২ হাজার ৭৬১টি কেন্দ্রে ভোট দেবেন ভোটাররা। সোমবার (২৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘আজ আমরা ৩০০ সংসদীয় আসনের চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রস্তুত করেছি। ৬৪ জেলায় মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ৭৬১টি আর মোট ভোটকক্ষের সংখ্যা দাঁড়াচ্ছে ২ লাখ ৪৪ হাজার ৬৪৯টি। এরমধ্যে পুরুষদের জন্য ১ লাখ ১৫ হাজার ১৩৭টি এবং নারীদের জন্য ১ লাখ ২৯ হাজার ৬০২টি ভোটকক্ষ নির্ধারণ করা হয়েছে।’
ইসি সচিব আরও জানান, প্রাথমিকভাবে ১৪টি অস্থায়ী ভোটকেন্দ্র রাখা হয়েছে, যেখানে প্রায় ১২ হাজার ভোটকক্ষ থাকবে। প্রতিটি ভোটকক্ষে গড়ে তিন হাজার ভোটারকে বিবেচনায় নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘পরিস্থিতি ও প্রয়োজন অনুসারে পরবর্তীতে এই সংখ্যা সামঞ্জস্য করা হতে পারে।’
এর আগে খসড়া তালিকায় ভোটকেন্দ্রের সংখ্যা ছিল ৪২ হাজার ৬১৮টি, যা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে এবার ভোটকক্ষের সংখ্যা কিছুটা কমেছে—দ্বাদশ সংসদ নির্বাচনে মোট ভোটকক্ষ ছিল ২ লাখ ৬১ হাজার ৫৬৪টি।





































