মঙ্গলবার । মার্চ ২৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১ নভেম্বর ২০২৫, ৯:৫৪ অপরাহ্ন
শেয়ার

প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ, নির্বাচন প্রস্তুতি নিয়ে আলোচনা


Chief-Adviser

নির্বাচন প্রস্তুতি নিয়ে আলোচনা

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং নির্বাচনকেন্দ্রিক নিরাপত্তা জোরদার করতে তিন বাহিনীর প্রধানকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

শনিবার (১ নভেম্বর) সন্ধ্যা ৭টায় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন।

এ সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান উপস্থিত ছিলেন। বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রেস উইং সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে এ তথ্য নিশ্চিত করে।

প্রধান উপদেষ্টা বলেন, “ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর।” তিনি তিন বাহিনীর সদস্যদের আইনশৃঙ্খলা রক্ষায় গত ১৫ মাসে কঠোর পরিশ্রমের প্রশংসা করেন এবং নির্বাচনকালে নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

বৈঠকে তিন বাহিনী প্রধান নির্বাচনের জন্য সামরিক বাহিনী সব ধরনের প্রস্তুতি গ্রহণের বিষয়েও প্রধান উপদেষ্টাকে অবহিত করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনকালে আইনশৃঙ্খলা রক্ষায় ৯০ হাজার সেনা, নৌবাহিনীর আড়াই হাজার সদস্য এবং বিমানবাহিনীর কিছু সদস্য মোতায়েন থাকবে। প্রতিটি উপজেলায় এক কোম্পানি সেনা থাকবে।

এছাড়া বৈঠকে আগামী ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানান তিন বাহিনীর প্রধান।