
বিশ্বখ্যাত ব্রিটিশ গুপ্তচর চরিত্র জেমস বন্ড আবারও রূপালি পর্দার রোমাঞ্চ নিয়ে হাজির হচ্ছে দর্শকদের ড্রয়িং রুমে। তবে এবার বড় পর্দায় নয়, জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে দেখা যাবে বন্ড সিরিজের একাধিক জনপ্রিয় চলচ্চিত্র। আগামী বছরের শুরুতেই দর্শকদের জন্য এই বিশেষ উপহার নিয়ে আসছে নেটফ্লিক্স।
অ্যামাজন এমজিএম স্টুডিওজের সঙ্গে নেটফ্লিক্সের একটি বিশেষ লাইসেন্সিং চুক্তির আওতায় এই সিনেমাগুলো স্ট্রিম করা হবে। চুক্তি অনুযায়ী, আগামী ১৫ জানুয়ারি ২০২৬ থেকে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, লাতিন আমেরিকা এবং বিশ্বের আরও বেশ কিছু অঞ্চলে বন্ড ভক্তরা তাদের প্রিয় গোয়েন্দাকে দেখার সুযোগ পাবেন।
নেটফ্লিক্সে যুক্ত হতে যাওয়া সিনেমার তালিকায় রয়েছে ড্যানিয়েল ক্রেগ অভিনীত সর্বশেষ বন্ড ফিল্ম ‘নো টাইম টু ডাই’। এছাড়া আরও থাকছে, ডাই অ্যানাদার ডে, কোয়ান্টাম অব সোলেস, স্কাইফল।
তবে দর্শকদের জন্য একটি শর্তও রয়েছে; চুক্তির বিশেষ নিয়ম অনুযায়ী এই সিনেমাগুলো মাত্র তিন মাসের জন্য নেটফ্লিক্সে পাওয়া যাবে। অর্থাৎ সীমিত সময়ের মধ্যেই ভক্তদের সিনেমাগুলো দেখে নিতে হবে।
আমাজনের মালিকানাধীন কেবল বন্ড সিরিজই নয় আরও কিছু জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি নেটফ্লিক্সে অভিষেক ঘটাচ্ছে। এর মধ্যে রয়েছে অ্যাকশন ঘরানার কালজয়ী ‘রকি’ ও ‘ক্রিড’ সিরিজের নির্বাচিত কিছু সিনেমা। কমেডি-ড্রামা ‘লিগ্যালি ব্লন্ড’ ফ্র্যাঞ্চাইজির চলচ্চিত্রগুলো।
এদিকে জেমস বন্ড সিরিজ নিয়ে ভক্তদের দীর্ঘ প্রতীক্ষা এখনই শেষ হচ্ছে না। খ্যাতনামা পরিচালক দেনি ভিলেনোভের পরিচালনায় নতুন এই ২৬তম চলচ্চিত্রটি পর্দায় আসতে ২০২৮ সাল পর্যন্ত সময় লাগতে পারে বলে জানা গেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন সিনেমার জন্য এই দীর্ঘ অপেক্ষার সময়ে নেটফ্লিক্সে পুরোনো সিনেমাগুলোর আগমন ভক্তদের মধ্যে উত্তেজনা ও আগ্রহ ধরে রাখতে দারুণ কাজ করবে।








































