সোমবার । মার্চ ২৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৩ জানুয়ারি ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শেয়ার

দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ সিরাজগঞ্জে


sirajgonj

ঘন কুয়াশার কারণে বিপর্যস্ত সিরাজগঞ্জের জনজীবন

দেশজুড়ে শীতের দাপট আরও বেড়েছে। আজ শনিবার (৩ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিরাজগঞ্জে। সেখানে তাপমাত্রা নেমে এসেছে ৯ ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ দেশের আকাশ আংশিকভাবে মেঘলা থাকতে পারে, তবে সামগ্রিকভাবে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনাই বেশি। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। কোথাও কোথাও এই কুয়াশা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

ঘন কুয়াশার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে নৌপরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে ভোরের দিকে যানবাহন চলাচলে ধীরগতি দেখা দিতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে, ফলে দিনের বেলায় শীতের অনুভূতি কিছুটা কমতে পারে।

এর আগে, বৃহস্পতিবার (১ জানুয়ারি) প্রকাশিত আবহাওয়া অধিদপ্তরের মাসব্যাপী পূর্বাভাসে জানানো হয়, জানুয়ারি মাসজুড়ে দেশে একাধিক শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে দুই থেকে তিনটি শৈত্যপ্রবাহ মৃদু থেকে মাঝারি মাত্রার হতে পারে, যেখানে তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে।

পাশাপাশি এক থেকে দুইটি শৈত্যপ্রবাহ মাঝারি থেকে তীব্র মাত্রার হতে পারে, যেখানে তাপমাত্রা নেমে আসতে পারে ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসে।

আবহাওয়াবিদরা শীতজনিত অসুস্থতা এড়াতে শিশু, বৃদ্ধ ও অসুস্থদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন।