
বলিউডে করণ জোহরের সিনেমা মানেই এক চিলতে আবেগ, পারিবারিক বন্ধন আর রাজকীয় নস্ট্যালজিয়া। তাঁর পরিচালিত ছবির তালিকায় যেটি আজও দর্শকের মনে সবচেয়ে উজ্জ্বল হয়ে আছে, তা হলো ২০০১ সালের ব্লকবাস্টার ‘কাভি খুশি কাভি গাম’। মুক্তির ২৫ বছর পূর্তির মুখে দাঁড়িয়ে এবার বি-টাউনে এক বিশাল ধামাকার খবর শোনা যাচ্ছে। আইকনিক এই ছবির সিক্যুয়াল নিয়ে নতুন করে ভাবনাচিন্তা শুরু করেছেন করণ জোহর।
মা-সন্তানের আবেগঘন সম্পর্ক থেকে শুরু করে আভিজাত্য ও পারিবারিক মূল্যবোধ সব মিলিয়ে ‘কাভি খুশি কাভি গাম’ ছিল এক পূর্ণাঙ্গ ফ্যামিলি ড্রামা যা আজও দর্শকের মনে নস্ট্যালজিয়ার ঝাঁপি খুলে দেয়।
ইন্ডাস্ট্রির অন্দরের খবর অনুযায়ী, এই ছবির সিক্যুয়াল নিয়ে ইতিমধ্যেই প্রাথমিক বা প্রি-প্রোডাকশনের কাজ শুরু করে দিয়েছেন পরিচালক। নির্মাতা হিসেবে এটি তাঁর অন্যতম বড় এবং উচ্চাভিলাষী প্রজেক্ট হতে চলেছে বলে ধারণা করা হচ্ছে। গল্পের কেন্দ্রে এবারও থাকবে পরিবার, তবে তা সাজানো হবে বর্তমান সময়ের আধুনিক প্রেক্ষাপটে এক নতুন ফ্যামিলি ড্রামা হিসেবে।
সবচেয়ে বড় জল্পনা চলছে এই ছবির কাস্টিং নিয়ে। গুঞ্জন শোনা যাচ্ছে যে নতুন এই কিস্তিতে প্রধান চরিত্রে থাকতে পারেন দু’জন নায়ক ও দু’জন নায়িকা। যদিও এই চরিত্রগুলোতে কারা অভিনয় করবেন তা এখনো চূড়ান্ত হয়নি। এমনকি ছবির নাম ‘কাভি খুশি কাভি গাম’ রাখা হবে নাকি নতুন কোনো নাম দেওয়া হবে, সেই বিষয়েও এখনো কোনো নিশ্চিত তথ্য সামনে আসেনি। পুরো বিষয়টি নিয়ে পরিচালক করণ জোহর বর্তমানে একদম নীরবতা পালন করছেন এবং সিক্যুয়াল প্রসঙ্গে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি।
তবে বলিউডের অভিজ্ঞ মহলের মতে, যদি সত্যিই এই ছবির সিক্যুয়াল পর্দা কাঁপায়, তবে তা দর্শককে আবারও পুরোনো স্মৃতির অতলে ভাসাবে ঠিক আগের মতোই।
উল্লেখ্য যে, ২০০১ সালের সেই মূল ছবিতে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খান, কাজল, হৃত্বিক রোশন এবং করিনা কাপুর খানের মতো মহাতারকারা।
এখন প্রশ্ন হলো, সিক্যুয়ালে কি আবারও সেই চেনা তারকাদের ওপরই ভরসা রাখবেন করণ, নাকি নতুন প্রজন্মের কোনো পরিচিত মুখদের নিয়ে আসবেন নতুন ফ্যামিলি ড্রামায়। সেই উত্তর পাওয়ার জন্য দর্শকদের আপাতত সময়ের অপেক্ষা করতে হবে। তবে এই গুঞ্জন যে সিনেমাপ্রেমীদের মাঝে ব্যাপক উত্তেজনার সৃষ্টি করেছে, তাতে কোনো সন্দেহ নেই।









































