শনিবার । মার্চ ২১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ৭ জানুয়ারি ২০২৬, ৮:০২ অপরাহ্ন
শেয়ার

অভিনয় ছাড়ার কারণ জানালেন প্রসূন আজাদ


prosun-azad

লাক্স–চ্যানেল আই সুপারস্টার ২০১২-এর প্রথম রানারআপ অভিনেত্রী প্রসূন আজাদ হঠাৎ অভিনয় ছাড়ার কারণ নিয়ে মুখ খুলেছেন। ইনস্টাগ্রামে এক ভক্তের প্রশ্নের জবাবে তিনি জানান, অভিনয় একটি ব্যয়বহুল পেশা এবং বিনিয়োগের তুলনায় লাভ খুব কম ছিল।

প্রসূন আজাদ লিখেছেন, অভিনয়ে এককালীন পারিশ্রমিক পাওয়া যায়, অথচ এটি একজন শিল্পীর মেধাস্বত্ব। পাশাপাশি পার্লার, পোশাক, জিম ও জীবনযাপনের অন্যান্য খরচ মিলিয়ে তার ব্যয় ছিল অনেক বেশি। তাই ব্যয়বহুল জীবন ছেড়ে স্বাভাবিক জীবনযাপনের ইচ্ছা থেকেই অভিনয় থেকে সরে আসেন তিনি।

তিনি আরও জানান, একজন মধ্যবিত্ত পরিবারের গৃহবধূ হওয়ার প্রস্তুতি, সংসার ও গৃহিণী হওয়ার আগ্রহও এ সিদ্ধান্তে প্রভাব ফেলেছে। বর্তমানে দুই সন্তানের মা প্রসূন আজাদ সংসার ও ব্যবসায় বেশি মনোযোগ দিচ্ছেন।

এ ছাড়া শারীরিক পরিবর্তন ও স্থূলতাজনিত অস্বস্তিও অভিনয় ছাড়ার অন্যতম কারণ বলে উল্লেখ করেন তিনি। ‘সর্বনাশা ইয়াবা’, ‘অচেনা হৃদয়’ ও ‘পদ্মপুরাণ’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন প্রসূন আজাদ।