বুধবার । মার্চ ১১, ২০২৬
এন্টারটেইনমেন্ট ডেস্ক বিনোদন ৮ জানুয়ারি ২০২৬, ৪:৩৬ অপরাহ্ন
শেয়ার

জলদস্যু রানীর বেশে প্রিয়াঙ্কা চোপড়া, কবে আসছে ‘দ্য ব্লাফ’? 


The bluf

চিরাচরিত মিষ্টি হাসি বা গ্ল্যামারাস লুক নয়, নতুন বছরে প্রিয়াঙ্কা চোপড়া হাজির হলেন এক সম্পূর্ণ ভিন্ন ও ভয়ানক অবতারে। তার আসন্ন সিনেমা ‘দ্য ব্লাফ’-এ তিনি ধরা দিয়েছেন দুর্ধর্ষ জলদস্যু ‘ব্লাডি মেরি’ হিসেবে। বুধবার (৭ জানুয়ারি) প্রিয়াঙ্কা ও প্রাইম ভিডিও সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশ করতেই দর্শকদের মাঝে শোরগোল পড়ে গেছে। 

সিনেমায় প্রিয়াঙ্কা অভিনয় করছেন একজন প্রাক্তন জলদস্যু রাণীর চরিত্রে, যিনি তার নিষ্ঠুর অতীত পেছনে ফেলে একটি নির্জন দ্বীপে শান্ত জীবন বেছে নিয়েছিলেন। কিন্তু জলদস্যুদের জীবনে কি আর শান্তি দীর্ঘস্থায়ী হয়? প্রতিশোধ নিতে সেই দ্বীপে হানা দেয় তার একসময়ের প্রেমিক ও সাবেক ক্রু লিডার ক্যাপ্টেন কনর (কার্ল আরবান)। প্রাক্তন প্রেমিকের সঙ্গে এই পুনর্মিলন মোটেও রোমান্টিক নয় বরং তা বারুদ ও রক্তের গন্ধে মাখা এক তীব্র অ্যাকশনের গল্প।

সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ফার্স্ট লুকে দেখা যায়, সমুদ্রতীরের এক দুর্গম পটভূমিতে শূন্যে লাফিয়ে প্রতিপক্ষ কার্ল আরবানের ওপর ঝাঁপিয়ে পড়ছেন প্রিয়াঙ্কা। তার চোখেমুখে তীব্র ক্ষোভ, হাতে উদ্যত অস্ত্র। কার্ল আরবানকেও দেখা যাচ্ছে লম্বা কালো কোটে, তরবারি দিয়ে আঘাত প্রতিহত করতে প্রস্তুত। অন্য একটি দৃশ্যে রক্ত আর কাদা মাখা শরীরে প্রিয়াঙ্কা শত্রুকে আঘাত করতে উদ্যত। ইনস্টাগ্রামে এই ছবি শেয়ার করে প্রিয়াঙ্কা ক্যাপশনে লিখেছেন— ‘মা। রক্ষাকর্তা। জলদস্যু।’

রুশো ব্রাদার্সের বিখ্যাত এজিবিও স্টুডিওর প্রযোজনায় তৈরি হয়েছে এই সিনেমাটি। এতে প্রিয়াঙ্কা ও কার্ল আরবান ছাড়াও দেখা যাবে টেমুয়েরা মরিসনকে, যিনি অভিনয় করেছেন ক্যাপ্টেন কনরের বিশ্বস্ত উপদেষ্টা কোয়ার্টারমাস্টার লি চরিত্রে।

‘আর-রেটেড’ এই অ্যাকশন অ্যাডভেঞ্চার ছবিটি আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে প্রাইম ভিডিওতে স্ট্রিম হবে। রক্তে ভেজা দৃশ্য, দুর্দান্ত অ্যাকশন এবং প্রিয়াঙ্কার ক্যারিয়ারের অন্যতম বিপজ্জনক চরিত্র নিয়ে ‘দ্য ব্লাফ’ জলদস্যু ঘরানার সিনেমায় এক নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।