
বিয়ের এক মাস আগে থেকেই কাঁদতে শুরু করে কনে
বিশ্বজুড়ে বিয়ে মানেই হাসি, আনন্দ, নাচ–গান আর উৎসবের আমেজ। কিন্তু চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের টুজিয়া সম্প্রদায়ের বিয়েতে আনন্দের প্রকাশ ঘটে চোখের জল দিয়ে। এখানে কনের বিয়ের আগে নিয়ম করে কান্না করা শুধু স্বাভাবিক নয়, বরং এক গভীর সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্য। এই অনন্য প্রথাই পরিচিত ‘ক্রাইং ম্যারেজ’ নামে।
প্রথম দেখায় এই রীতি দুঃখজনক মনে হলেও, এর ভেতরে লুকিয়ে আছে আবেগ, পারিবারিক বন্ধন, সামাজিক প্রতিবাদ এবং নতুন জীবনের প্রতি কনের প্রতিশ্রুতি। ইতিহাস বলছে, কিং রাজবংশের শেষ যুগ (১৬৪৪–১৯১১) পর্যন্ত এই প্রথা টুজিয়া জনগোষ্ঠীর মধ্যে ব্যাপকভাবে পালিত হতো। আধুনিক নগরজীবনে এর চর্চা কমে এলেও, আজও চীনের গ্রামীণ ও পাহাড়ি অঞ্চলে এটি একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক আচার হিসেবে টিকে আছে।
এই কান্না নিছক চোখের জল নয়। এটি এক ধরনের সংগীতনির্ভর আবেগপ্রকাশ, যেখানে কনে নিজে গান শেখে বা রচনা করে কাঁদতে কাঁদতে গেয়ে ওঠে। এসব ‘ক্রাই সং’-এ উঠে আসে তার শৈশব, পরিবারের প্রতি কৃতজ্ঞতা, বিদায়ের বেদনা, সামাজিক দায়িত্ব এবং নতুন জীবনের আশা-আকাঙ্ক্ষা। আনন্দ ও দুঃখ—দুটিই এখানে একসঙ্গে ধরা দেয়।
প্রথা পালনের সময়কাল অঞ্চলভেদে ভিন্ন। অনেক জায়গায় বিয়ের এক মাস আগে থেকে কনে নিয়মিত কান্না শুরু করে, আবার কোথাও কোথাও দুই থেকে তিন মাস আগেই এ প্রক্রিয়া শুরু হয়। বিয়ের এক মাস আগে কনে প্রতিদিন রাতে নির্দিষ্ট একটি ঘরে এক ঘণ্টা ধরে কাঁদে। দশ দিন পর তার সঙ্গে যোগ দেন মা, এরপর দাদি, নানি কিংবা পরিবারের বয়স্ক নারীরা। এই ধারাবাহিক আয়োজনকে বলা হয় ‘জুও তাং’ বা হলে বসে থাকা।
কিছু অঞ্চলে আয়োজনটি আরও বিস্তৃত রূপ নেয়, যা পরিচিত ‘টেন সিস্টার গ্যাদারিং’ নামে। এতে কনের বান্ধবী ও আত্মীয়স্বজনেরা একত্রিত হয়ে কান্না ও গান—দুটোর মধ্য দিয়ে কনের নতুন জীবনের জন্য শুভকামনা জানায়। এখানে কান্না হয়ে ওঠে সহমর্মিতা, সামাজিক বন্ধন এবং পারিবারিক ঐক্যের প্রতীক।
এই রীতির গভীরে রয়েছে নারীর কণ্ঠ প্রকাশের এক ঐতিহাসিক পথ। প্রাচীন চীনে অধিকাংশ বিয়ে হতো পরিবার বা ঘটকের সিদ্ধান্তে, যেখানে কনের নিজস্ব মতামতের খুব কম সুযোগ থাকত। সেই সীমাবদ্ধতার ভেতর কান্নাই হয়ে উঠত কনের প্রতিবাদ ও অনুভূতি প্রকাশের ভাষা। গান ও কান্নার মাধ্যমে সে প্রকাশ করত তার অসন্তোষ, ভয়, প্রত্যাশা কিংবা সমাজের প্রতি প্রশ্ন।
এমনকি সমাজে কনের কান্নার পরিমাণকেও গুরুত্ব দেওয়া হতো। যথেষ্ট কান্না না করলে তাকে অবহেলিত বা অশিক্ষিত বলে মনে করা হতো। কোথাও কোথাও মেয়ের কান্না কম হলে মায়ের শাসনও নেমে আসত। অনেক সময় এই কান্নার ভাষায় ঘটকের প্রতিও অসন্তোষ প্রকাশ পেত, যা সামাজিক নিয়মের বিরুদ্ধে নীরব প্রতিবাদের প্রতীক ছিল।
আজকের দৃষ্টিতে ‘ক্রাইং ম্যারেজ’ শুধু দুঃখের অনুষঙ্গ নয়। এটি টুজিয়া সম্প্রদায়ের কাছে কনের সামাজিক মর্যাদা, পারিবারিক সম্পর্ক, সাংস্কৃতিক ঐতিহ্য এবং নতুন জীবনের সূচনার এক গভীর প্রতীক। মনস্তাত্ত্বিকভাবেও এটি কনের জন্য এক ধরনের মানসিক প্রস্তুতি—পুরোনো জীবনকে বিদায় জানিয়ে নতুন অধ্যায়ে পা রাখার আয়োজন।
আধুনিক চীনে শহুরে জীবনে এই প্রথা অনেকটাই ম্লান হলেও, গ্রামীণ ও পাহাড়ি অঞ্চলে টুজিয়া জনগোষ্ঠীর কাছে ‘ক্রাইং ম্যারেজ’ আজও আবেগ, সংস্কৃতি ও পরিচয়ের এক শক্তিশালী নিদর্শন। এখানে কান্না মানেই দুর্বলতা নয়—বরং তা হয়ে ওঠে ইতিহাস, সমাজ আর মানবিক অনুভূতির এক অনন্য উৎসব।





































