
ছবি: সংগৃহীত
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নে তিন প্রবাসী ভাইয়ের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল পরিবারের সদস্যদের জিম্মি করে প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার এবং নগদ সাড়ে তিন লাখ টাকা লুট করে নিয়ে গেছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে রঘুনাথপুর গ্রামের ওই ভবনে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা গেছে, ডাকাতদল প্রথমে নিচতলার কেচি গেটের তালা ভেঙে প্রবেশ করে। শব্দ শুনে স্কুল শিক্ষক মনিরুল ইসলাম বের হলে ডাকাতরা তার ওপর অতর্কিত হামলা চালিয়ে হাত-পা বেঁধে ফেলে। এরপর তার স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারির চাবি ছিনিয়ে নেয় এবং নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে।
আহত মনিরুল ইসলাম জানান, একই ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় তার তিন প্রবাসী ভাই—জাহাঙ্গীর খান, শামিম খান ও জসিম খানের পরিবার বসবাস করেন। ডাকাতরা প্রতিটি তলায় হামলা চালিয়ে পরিবারের সদস্যদের বেঁধে রেখে আলমারি ও ড্রয়ার থেকে মূল্যবান সামগ্রী লুট করে চলে যায়।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম সোহেল রানা বলেন, “ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ডাকাতদলের সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। আশা করছি খুব দ্রুতই তাদের আইনের আওতায় আনা সম্ভব হবে।”
এ ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভুক্তভোগী পরিবার লুটপাট ও দুর্ধর্ষ এই ডাকাতির সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও লুটপাটকৃত মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন।









































