বুধবার । জুন ৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ১৫ জানুয়ারি ২০২৬, ২:৫৬ অপরাহ্ন
শেয়ার

ভারতকে হারিয়ে বাংলাদেশের দুর্দান্ত সূচনা


women football

সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে প্রথম আসরেই মেয়েদের বিভাগে বাংলাদেশ শুভ সূচনা করেছে। অধিনায়ক সাবিনা খাতুনের জোড়ায় লাল সবুজ দল ৩-১ গোলে ভারতকে হারিয়েছে। 

ম্যাচের শুরু থেকেই থাইল্যান্ডের মাঠে আধিপত্য বিস্তার করে খেলে বাংলাদেশ। ম্যাচের মাত্র ৮ মিনিটেই গোলমুখ খোলেন অধিনায়ক সাবিনা খাতুন। কৃষ্ণা রানীর নিখুঁত পাস থেকে আলতো শটে বল জালে জড়ান তিনি। এর কিছুক্ষণ পরেই আবারও সাবিনা-কৃষ্ণা ম্যাজিক! একই কম্বিনেশনে কৃষ্ণার বাড়ানো পাসে পোস্টের একদম সামনে থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন সাবিনা। প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে থেকে চালকের আসনে বসে বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধেও বাংলাদেশের আক্রমণাত্মক ফুটবল বজায় থাকে। গতিময় ফুটবলে ভারতীয় রক্ষণভাগকে তটস্থ করে রাখেন মাতসুসিমা সুমাইয়া। তাঁর চমৎকার ফিনিশিংয়ে বাংলাদেশ ৩-০ গোলে এগিয়ে যায়, যা দলের জয়কে প্রায় নিশ্চিত করে দেয়।

তিন গোলে পিছিয়ে পড়ার পর ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা চালায় ভারত। কর্নার থেকে আরিয়া মোরের গোলে ব্যবধান কমিয়ে ৩-১ করে তারা। শেষ দিকে তারা বাংলাদেশের ওপর চাপ তৈরির চেষ্টা করলেও লাল-সবুজের রক্ষণভাগ আর কোনো সুযোগ দেয়নি। শেষ পর্যন্ত ৩-১ গোলের স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে সাবিনা-মাসুরারা।

প্রথম ম্যাচে দাপুটে জয়ের পর বাংলাদেশের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী ১৭ জানুয়ারি ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা।