
ছবি: সংগৃহীত
সৌদি আরবে গৃহকর্মী হিসেবে কর্মরত চুয়াডাঙ্গার রংমালা (২৭)-এর রহস্যজনক মৃত্যু হয়েছে। পাঁচ দিন আগে মৃত্যুর খবর পেলেও এখনো দেশে ফেরেনি তার মরদেহ। শেষবারের মতো মেয়ের মুখ দেখার অপেক্ষায় অসহায় বাবা-মা দিন গুনছেন। নিহত রংমালা চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার লক্ষীপুর মিলপাড়া গ্রামের রফি গাজীর মেয়ে।
পারিবারিক সূত্র জানায়, বিয়ের কিছুদিন পরই রংমালার স্বামী জিয়ারুল ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। স্বামীহারা পরিবারে নেমে আসে চরম অভাব। সেই অভাব দূর করতে আট বছর আগে সৌদি আরবে পাড়ি জমান রংমালা এবং সেখানে একটি বাসায় গৃহকর্মী হিসেবে কাজ শুরু করেন।
পরিবারের দাবি, সম্প্রতি যে বাসায় রংমালা কাজ করতেন, সেই বাসার মালিক দম্পতি কুয়েত সফরে যান। এ সময় রংমালার সঙ্গে মোবাইলে যোগাযোগ না হওয়ায় গৃহকর্তার স্বজনরা তার খোঁজ নিতে ওই বাসায় যান। সেখানে গিয়ে তারা ঘরের দরজা ভেতর থেকে আটকানো দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।
খবর পেয়ে পুলিশ দরজা ভেঙে ঘরের ভেতর থেকে রংমালার মরদেহ উদ্ধার করে। তবে তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো পরিষ্কার নয়, যা নিয়ে পরিবারে গভীর উদ্বেগ ও প্রশ্নের জন্ম দিয়েছে।
হঠাৎ মেয়ের মৃত্যুর খবরে বাকরুদ্ধ হয়ে পড়েছেন রংমালার বাবা-মা। তারা দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে এনে যথাযথভাবে দাফনের ব্যবস্থা করতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
















































