
অবিশ্বাস্য নাটকীয়তার মধ্যে মরক্কোকে ১-০ গোলে হারিয়ে আফ্রিকা কাপ অব নেশনস (এএফকন) শিরোপা জিতেছে সেনেগাল। বিতর্কিত পেনাল্টি সিদ্ধান্তের প্রতিবাদে একপর্যায়ে সেনেগালের খেলোয়াড়রা মাঠ ছেড়ে বেরিয়ে গেলেও পরে ফিরে এসে অতিরিক্ত সময়ে জয় নিশ্চিত করে তারা।
রোববার (১৯ জানুয়ারি) ফাইনালের অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে (৯৪তম) জয়সূচক গোলটি করেন পাপে গুয়েই। এর আগে ইনজুরি টাইমে ভিএআর পর্যালোচনার পর মরক্কো পেনাল্টি পেলেও ব্রাহিম দিয়াজের নেওয়া দুর্বল প্যানেনকা শট সহজেই ঠেকান গোলরক্ষক এদুয়ার মেন্দি।
পেনাল্টি দেওয়ার সিদ্ধান্ত ঘিরে মাঠে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রতিবাদে সেনেগালের কোচ পাপে বোনা থিয়াও খেলোয়াড়দের মাঠ ছাড়ার নির্দেশ দেন। অধিনায়ক সাদিও মানের অনুরোধে ১৪ মিনিট পর খেলা আবার শুরু হয়।
পেনাল্টি মিসের পরই আক্রমণাত্মক হয়ে ওঠে সেনেগাল। অতিরিক্ত সময়ের শুরুতে ইদ্রিসা গানা গুয়েইয়ের পাস থেকে দূরপাল্লার শটে গোল করে দলকে এগিয়ে দেন পাপে গুয়েই। ৬৬ হাজারের বেশি দর্শকের সামনে স্তব্ধ হয়ে যায় প্রিন্স মৌলে আবদেল্লাহ স্টেডিয়াম।
অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে নায়েফ আগুয়ের্দের হেড ক্রসবারে লেগে ফেরত গেলে ম্যাচে ফেরার শেষ সুযোগ হারায় মরক্কো। ফলে নিজেদের মাঠে ৫০ বছরের শিরোপা খরা কাটানোর স্বপ্ন ভেঙে যায় স্বাগতিকদের।
গত তিন আসরের মধ্যে এটি সেনেগালের দ্বিতীয় এএফকন শিরোপা। ২০২২ সালে মিসরকে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিল তারা।
ম্যাচ শেষে পাপে গুয়েই বলেন, “আমরা জিততেই এসেছিলাম। কঠিন ম্যাচ হলেও সবকিছু উজাড় করে দিয়েছি।”
মরক্কোর কোচ ওয়ালিদ রেগরাগুই বলেন, “শেষ মুহূর্তে পেনাল্টি পাওয়ার পর জয় খুব কাছেই মনে হয়েছিল। কিন্তু ফুটবল বাস্তবতায় ফিরিয়ে আনে।”














































